তিনদিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস, সন্তুষ্ট নন জবি শিক্ষার্থীরা
আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবিগুলো আগামী তিন দিনের মধ্যে মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তবে এ আশ্বাসে সন্তুষ্ট হতে পারেনি জবি শিক্ষার্থীরা। আগামী এক কর্মদিবসের মধ্যে দাবি মেনে নেয়ার জোর তাগিদ দেন তারা।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে মো. নাহিদ ইসলাম বলেন, আমরা আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান ভুলে যাইনি। আমাদের একটাই কষ্ট, এখনো শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সব দাবি আগামী তিন কর্মদিবসের মধ্যে মেনে নেয়া হবে।
এসময় শিক্ষার্থীরা তিন কর্মদিবসে অস্বীকৃতি জানালে নাহিদ ইসলাম বলেন, হলের সমস্যাতো আর একদিনের মধ্যে সমাধান সম্ভব না। আমরা আপনাদের দাবির বিষয়টা দেখছি। আর কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের বিষয়টা আমি আজই দেখছি।
.png)
উপদেষ্টা আরো বলেন, আপনাদের দাবিগুলো যৌক্তিক। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকবে না, হল থাকবে না, এটা হতে পারে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুত এসব মেনে নেয়া হবে।
এসময় শিক্ষার্থীরা একদিনের মধ্যে লিখিত প্রতিশ্রুতি চান। পাশাপাশি অসহযোগিতামূলক আচরণ করার জন্য শিক্ষা সচিবকে ক্ষমা চাইতে বলেন। তখন নাহিদ আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ের ভেতরে যাওয়ার আহ্বান জানান। পরে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন।