ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৫ দফা দাবি পূরণে অনিচ্ছা, জবির প্রশাসনিক ভবন অবরুদ্ধ

জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৮:০৬, ১২ নভেম্বর ২০২৪
৫ দফা দাবি পূরণে অনিচ্ছা, জবির প্রশাসনিক ভবন অবরুদ্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ দফা দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিচ্ছা ও মন্ত্রণালয় বরাবর কোনো চাওয়া না জানানোয় প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষ করে এসে এসব অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাস আটকে রাখেন।

৫ দফা আন্দোলনের সংগঠক রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় না যে অস্থায়ী আবাসন হোক। যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় না, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে যাক, সেই প্রশাসন আমরা চাই না।’

Advertisement

তিনি বলেন, ‘এমন চাটুকার ভিসি, চাটুকার ভিসি ভবন আমাদের লাগবে না। এখন থেকে ভিসি ভবন তালাবদ্ধ থাকবে।

এক প্রশ্নের জবাবে রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত সময়ে মন্ত্রণালয়ের কাছে কিছুই চায়নি। মন্ত্রণালয় আমাদের জানিয়েছে যদি বিশ্ববিদ্যালয় থেকে এমন কিছু দাবি করত আমরা সেটা দিতাম। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে তো কোনো কিছুই চাওয়া হয়নি। অথচ আমাদের ভিসি স্যার বলে আসছেন তারা নাকি অস্থায়ী আবাসন ও সেনাবাহিনীর হাতে কাজ দিতে কাজ করে যাচ্ছে। এই প্রশাসন জগন্নাথের জন্য লজ্জার।’

আন্দোলনকারী শিক্ষার্থী সোহান বলেন, ‘এতদিন আমাদের আইওয়াশ করা হয়েছে। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু দাবিই করেনি। আমরা এখনই লিখিতভাবে আমাদের দাবিগুলো পূরণের ব্যাপারে জানতে চাই।’

এই মুহূর্তে ভিসির কনফারেন্স রুমে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন উপাচার্য।

এর আগে গতকাল (১১ নভেম্বর) ৫ দফা দাবিতে সচিবালয় ঘেরাও করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!