ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষার্থীদের প্রতিবাদে চলমান রইল কুবির ফুটবল টুর্নামেন্ট

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১৬ নভেম্বর ২০২৪
শিক্ষার্থীদের প্রতিবাদে চলমান রইল কুবির ফুটবল টুর্নামেন্ট
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগের খেলোয়াড়দের অশোভনমূলক আচরণের কারণে শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে খেলা আবারো চলমান রাখার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। 

এসময় তারা 'প্রশাসন ধিক্কার ধিক্কার', 'অবৈধ সিদ্ধান্ত মানি না, মানবো না', 'টুর্নামেন্ট বন্ধ কেন, প্রশাসন জবাব চাই', মাঠ যদি বন্ধ থাকে, তালা ঝুলবে প্রশাসনে' ইত্যাদি স্লোগানে এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে।

Advertisement

প্রতিবাদে অংশ নেয়া শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান করে টুর্নামেন্ট পুনরায় চালুর দাবি জানান। তাদের মতে, এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। মার্কেটিং বিভাগের অধিনায়ক মুজিবুর রহমান বলেন, একটি  ঘটনার কারণে পুরো টুর্নামেন্ট স্থগিত অযৌক্তিক। যাদের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বা সমস্যার দ্রুত সমাধান করা হোক। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে কঠোর পরিশ্রম করে টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিয়েছে। মাত্র দুটি বিভাগের সমস্যার কারণে বাকি বিভাগের খেলাগুলো বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। এটি অন্যায় এবং খেলোয়াড়দের প্রতি অবিচার।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ বলেন, চলমান টুর্নামেন্টে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় জড়িতদের শাস্তি না দিয়ে খেলার আহ্বায়ক কমিটি টুর্নামেন্টটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন, যা পুরোপুরি অবৈধ। এ সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে মনে করি। আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত ধিক্কার জানাই। আগামীকাল থেকেই শিডিউল অনুযায়ীই টুর্নামেন্ট চলতে হবে। যদি নাহয়, আমরা প্রশাসন ভবন অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিব।

টুর্নামেন্টের আহ্বায়ক ড. সোহরাব উদ্দিন সৌরভ বলেন, আমি নিজেও একজন খেলোয়াড়। শিক্ষার্থী মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। তাই খেলা চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, যে দলগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আপাতত তাদের খেলা স্থগিত করে বাকি দলগুলোর খেলা চলবে।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর লোকপ্রশাসন ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের খেলা চলাকালীন মাঠের বাহিরে থেকে বল দেওয়াকে কেন্দ্র করে লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে ১৫ নভেম্বর লোকপ্রশাসনের শিক্ষার্থী মো. মাহিনুল হাসানকে মারধর করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ওয়াসিম সাকিব, আইসিটি বিভাগের শিক্ষার্থী আনোয়ার জাহেদ ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সেজান খান। এরপরই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!