ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘সাত কলেজের প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশেষজ্ঞ কমিটি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৮, ২০ নভেম্বর ২০২৪
‘সাত কলেজের প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশেষজ্ঞ কমিটি হচ্ছে’
শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশেষজ্ঞ কমিটি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অপরিকল্পিতভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়, এরপর থেকেই কলেজগুলো নানা সমস্যা ও সংকটে পড়েছে। সাত কলেজকে আলাদা করে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি করা হচ্ছে।

Advertisement

শিক্ষা উপদেষ্টা বলেন, কীভাবে স্বতন্ত্র পরিচয় দেওয়া যায়? সেজন্য একটি কমিটি করেছিলাম। এ কমিটি কলেজগুলো নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কাজ শেষের দিকে। এবার আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছি। এ কমিটি প্রতিষ্ঠানিক রূপ তৈরি করবে, সেখানে কলেজগুলোকে আরো কীভাবে স্বায়ত্তশাসন দেওয়া যায়, তাদের সুযোগ সুবিধা, অবকাঠামো কীভাবে বাড়ানো যায় এবং সেগুলোতে সমন্বিতভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় তা থাকবে। আর স্বতন্ত্র পরিচয়ের নাম সবার সঙ্গে আলোচনা করে দেওয়া হবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যে নামই দাও না কেন আসল কথা হলো শিক্ষার মানোন্নয়ন করা। শিক্ষার বৈষম্য দূর করা। কি নাম দেবে সেই স্বতন্ত্র সত্তা সেটা তোমরাই ঠিক করবে। শিক্ষার্থীদেরকে নিয়ে যে কমিটি গঠন করা হবে, তাদের কাজ তোমরা প্রতিনিয়ত দেখতে পারবে। এর জন্য বসে থেকে লাভ হবে না কারণ অন্তবর্তী সরকারের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কাজেই কমিটি কবে রিপোর্ট দেবে সেটা নিয়ে তোমরা মাথা ঘামাবে না। আমরা এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে কি কি পদক্ষেপ নেয়া যাবে সেগুলো এখন থেকেই শুরু করে দেব। তোমাদের জন্য সবচেয়ে সম্মানজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেন সেটাই করা হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!