ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি-সেক্রেটারির পরিচয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২, ২৮ নভেম্বর ২০২৪
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি-সেক্রেটারির পরিচয় প্রকাশ
বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা ও সেক্রেটারি মো. সুমন সরকার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় জানা গেছে। সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মো. সোহেল রানা সংগঠনটির সভাপতি  এবং সেক্রেটারি ইংরেজি বিভাগের মাস্টার্স ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মো. সুমন সরকার।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর আড়াই টায় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে ও জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুর মহানগর ছাত্রশিবির কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি বক্তব্য রাখেন। ওই বক্তব্য থেকে তাদের পরিচয় জানা যায়। 

জানা গেছে, বেরোবি শিবিরের সভাপতি মো. সোহেল রানার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায়। সাধারণ সম্পাদক মো. সুমন সরকারের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় অবস্থিত। 

Advertisement

বেরোবি শিবির সভাপতি তার বক্তব্যে বলেন, ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ থেকে আমরা বলতে চাই আমাদের ছাত্রসমাজ ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো অধিকার আদায়ে সচেষ্ট  থাকবে। আমাদের ছাত্রসমাজ দেশের মানুষের অধিকার আদায়ে একতাবদ্ধ থাকবে। গত জুলাই বিপ্লবে ছাত্রসমাজ তাদের ঐক্য শক্তি দেখিয়েছে। আগামীতেও ছাত্রসমাজ ফ্যাসিবাদী দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে।’ 

তিনি আরো বলেন, ‘জুলাইয়ের গণহত্যা ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। গণহত্যায় জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদীরা শ্রমিক লীগ, রিকশা ও ইসকন লীগ হয়ে ফিরে আসছে। তারা যে রূপেই ফিরে আসুক না কেন তৌহিদী ছাত্রসমাজ সেটা রুখে দেবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচার করতে হবে। সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ নিষিদ্ধ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, আমরাও আমাদের দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে দেখতে চাই না।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!