ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

সাত কলেজের দুই বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৭, ৭ ডিসেম্বর ২০২৪
সাত কলেজের দুই বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি
ছবি: ডেইলি বাংলাদেশ

ফের পরিবর্তন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের দুই বর্ষের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি। 

জানা গেছে, ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের স্থগিত একটি পরীক্ষা ২০২৫ সালের ২ ফেব্রুয়ারির পরিবর্তে চলতি বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আরেকটি পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারির পরিবর্তে চলতি বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ২০২৩ সালের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারির বদলে চলতি বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের অনার্স ৪র্থ ও প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচিতে ফের পরিবর্তন করা হলো। সে অনুযায়ী, ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের দুইটি স্থগিত পরীক্ষা যথাক্রমে ২৬ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাগুলো দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তবে অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি জরুরি উল্লেখ করে পরীক্ষার কেন্দ্রে প্রত্যেক শ্রেণিকক্ষে পরীক্ষার্থীদের অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধও করা হয়েছে।

এর আগে, গত ২ ডিসেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২৫ এবং ২৭ নভেম্বরের ২০২৩ সালের স্নাতক ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষা নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছিল। সেখানে ২০২৩ সালের চতুর্থ বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২০২৩ সালের প্রথম বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা কলেজ অধ্যক্ষ এবং পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে সময় পরিবর্তন করে কাছাকাছি সময় দেওয়ার আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে নতুন করে আবার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। এ সময় প্রথম ও চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল। যে কারণে পরবর্তী সময়ে দুটি বর্ষের দুটি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/কেবি/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!