ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাবিপ্রবির ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ইইই

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ৭ ডিসেম্বর ২০২৪
পাবিপ্রবির ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ইইই
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আয়োজিত শহিদ মাহবুব হাসান নিলয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। 

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে গণিত বিভাগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইইই বিভাগ।

প্রথমার্ধেই ম্যাচের একমাত্র গোলটি করেন ইইই বিভাগের খেলোয়াড় শাহজাহান বাদশাহ। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও আর গোলের দেখা মেলেনি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয়ী হয়ে শিরোপা নিশ্চিত করে ইইই বিভাগ।

Advertisement

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়াল। তিনি টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ খেলোয়াড়দেরও পুরস্কৃত করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আমিরুল ইসলাম মিরু। সঞ্চালনায় ছিলেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক।

পুরস্কার দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, আমি অনেক আনন্দিত যেকোনো বিশৃঙ্খলা ছাড়াই পুরা টুর্নামেন্ট শেষ হয়েছে। এই টুর্নামেন্টে যদি কোনো বিশৃঙ্খলা হতো তাহলে সারাদেশে আমাদের ক্যাম্পাসের নামে বদনাম হতো। এ জন্য আমি খেলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। 

ফাইনালে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন শাহজাহান বাদশাহ। গোল্ডেন বুট পান ইইই বিভাগের মেহেদী হাসান রানা, আর গোল্ডেন বল পান আয়ুন খান।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!