ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ১১ ডিসেম্বর ২০২৪
ঢাকা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঢাকা কলেজ শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১২টায় ঢাকা কলেজ অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চাইঙ্গা, খান তালাত মাহমুদ রাফি, মুঈনুল ইসলাম, সমন্বয়ক মোহাম্মদ রাকিব, নাজমুল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কাদরীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

সভায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজ বক্তব্যে বলেন, আমরা আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করে এসেছি। যেসব আমলা, পুলিশ, সাংবাদিকরা ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমাদের ক্রোধ রয়েছে। আমরা যদি বর্তমান সময়কে কাজে লাগাতে না পারি তাহলে আমাদেরকে ভবিষ্যতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের সাহস ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে পরবর্তী বাংলাদেশ নির্মিত হবে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে কেউ তরুণ প্রজন্মকে মাইনাস করতে চাইলে, সংসদের দিকে যাত্রা করতে চাইলে তাদের ভুল হবে। আমাদের লড়াইয়ে কোনো আপস হবে না।

এসময় সমন্বয়ক আরিফ সোহেল বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কার্যক্রম হবে ভিন্নরকম। ঢাকা কলেজে যদি শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার পরিবেশ নিশ্চিত যাবে। আমরা আশা করি, সামনের লড়াইয়ে আমরা একসঙ্গে লড়ব, ঢাকা কলেজ এই আন্দোলনে আমাদের সঙ্গে থাকবে।

এ সময় সমন্বয়ক নাজমুল হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সংস্কার কমিশন আছে। কিন্তু কোনো কমিশনে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়নি, এটি অত্যন্ত লজ্জাজনক। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত, যারা দেশের জন্য নিজেদের বিলিয়ে দিয়েছে তাদের সম্মান ও সুচিকিৎসা নিশ্চিত করা।

সভায় তারিকুল ইসলাম বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়েছে, আমরা সেটা ভুলে যাইনি। তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবকে সারা বিশ্বে অনুসরণ করছে। আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে চাই, যারা দেশের সব সমস্যাকে নিজেদের সমস্যা মনে করবে, যাদের মেরুদন্ড হবে ইস্পাত কঠিন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাকা কলেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!