ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন মাছুমা হাবিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩১, ১৮ ডিসেম্বর ২০২৪
ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন মাছুমা হাবিব
অধ্যাপক ড. মাছুমা হাবিব- ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মাছুমা হাবিব।

বুধবার বিকেলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে ড. মাছুমা হাবিব যোগদান পত্র পেশ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ড. মাছুমা হাবিবকে চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে।

Advertisement

এছাড়া প্রজ্ঞাপনের শর্তানুযায়ী তিনি অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতন-ভাতাসহ প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

উল্লেখ্য, মাছুমা হাবিব বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট ও সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাছুমা হাবিব যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাকৃবি থেকে তিনি ১৯৯২ সালে অ্যানিম্যাল হাজবেন্ড্রি বিষয়ে বিএসসি এবং ১৯৯৮ সালে অ্যানিম্যাল নিউট্রেশন বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ডিএফআইডি ও ব্রিটিশ কাউন্সিল ফেলোশিপ, অরেঞ্জ নলেজ প্রোগ্রাম ও নেদার‌ল্যান্ডস ফেলোশিপ প্রোগ্রাম প্রাপ্ত হন।

মাছুমা হাবিব বাংলাদেশ মিট সাইন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ ইনস্টিটিউশনের আজীবন সদস্য।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!