ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবি ছাত্রদলের নেতাকর্মীদের লালকার্ড দেখালো পদবঞ্চিতরা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:১৩, ২ জানুয়ারি ২০২৫
জবি ছাত্রদলের নেতাকর্মীদের লালকার্ড দেখালো পদবঞ্চিতরা
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিকে এবার লাল কার্ড দেখিয়েছেন শাখা ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেছেন তারা।

এ সময় নতুন কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে ছাত্রদলের গত আন্দোলনে অ্যাকটিভ ছাত্রনেতাদের মধ্য থেকে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।

Advertisement

শাখা ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু-বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল আরেফিন রিয়াদ বলেন, দলের দুঃসময়ে প্রতিটি প্রোগ্রাম করেছি, মামলা হামলার ভয় করিনি, নিজের ক্যারিয়ার এবং পরিবারের কথা চিন্তা করিনি, আর এখন ছাত্রলীগ, নবাগত, ব্যবসায়ী, চাকরিজীবীদের নিয়ে কমিটি দেওয়া হয়েছে, কমিটিতে আমাকে বাদ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিদ্রোহীদের আন্দোলনের মুখে এখনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। ত্যাগী, নির্যাতিত এবং যোগ্যদের যোগ্য জায়গায় পদায়ন করে দ্রুত সময়ের মধ্যে এই অস্থিতিশীল অবস্থার অবসান করার দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, পিয়ার আলী হীরা, মিয়া রাসেল, মোহাম্মদ নাজমুল আলম, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, সাবেক সহ-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলম, সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুস আয়মান শুক্কুর, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সম্পাদক মেহেদী হাসান আখন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!