ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

চট্টগ্রামে আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫, ২০ আগস্ট ২০২৬
চট্টগ্রামে আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
ছবি: সংগৃহীত

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় স্থগিত হওয়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে নতুন করে শুরু হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে আজ থেকে মাঠে গড়াচ্ছে এই পরীক্ষা। নতুন নির্দেশিত সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

সংশোধিত সূচি থেকে জানা যায়, আজ ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পর ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এগুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র; ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র ও বিকেলে আরবি-পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে ২ সেপ্টেম্বর রসায়নের মতো প্রধান বিষয়গুলোর প্রথম পত্র এবং ৫ সেপ্টেম্বর দ্বিতীয় পত্রের পরীক্ষা সূচি নির্ধারণ করা হয়েছে। এরপর ৭ সেপ্টেম্বর অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন প্রথম পত্রের পরীক্ষা শেষে ৯ সেপ্টেম্বর দ্বিতীয় পত্রের মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

পরীক্ষা পরিচালনার নিয়মে চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, সকালের শিফটের পরীক্ষা ১০টা থেকে ১টা এবং বিকালের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে। সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে অবস্থান নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় গত ৮ জুলাই থেকে পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, যদিও দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা সম্পন্ন হয়।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!