ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবি খালেদা জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীকে ফ্রি চিকিৎসাসেবা

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১০ সেপ্টেম্বর ২০২৬
চবি খালেদা জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীকে ফ্রি চিকিৎসাসেবা
ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের উদ্যোগে পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত ও জিএস নাজিফা তাসফিয়াহর যৌথ উদ্যোগ, ব্যবস্থাপনা ও নিজস্ব অর্থায়নে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় হলের ডাইনিং কক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন। চিকিৎসক দলের মধ্যে ছিলেন একজন নিউট্রিশনিস্ট, দুজন ডার্মাটোলজিস্ট, একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন গাইনোকোলজিস্ট।

Advertisement

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের পরিচালক ও টিকিউএম ডা. জান্নাতুন নাইম হক, আরএমও ডা. শাফায়াত, ডিজিএম ও কো-অর্ডিনেটর মো. আমান উল্লাহ, চাকসুর জিএস সাইদ বিন হাবিব এবং সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নারী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করা এবং বিভিন্ন শারীরিক সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

হলের প্রভোস্ট ও সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি বলেন, হল সংসদ শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের পরিচালক ও টিকিউএম ডা. জান্নাতুন নাইম হক বলেন, পড়াশোনা, টিউশনসহ নানা ব্যস্ততার কারণে শিক্ষার্থীরা অনেক সময় নিজেদের স্বাস্থ্যের প্রতি যথাযথ গুরুত্ব দিতে পারেন না। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ভবিষ্যতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন তিনি।

চাকসুর জিএস সাইদ বিন হাবিব বলেন, সীমিত সম্পদের মধ্যেও হল সংসদ শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নারী শিক্ষার্থীদের জন্য ভিপি ও জিএসের এ উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, ছাত্র সংসদের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম আরও বিস্তৃত হবে।

হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত বলেন, শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা ছিল তাঁদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে তারা আনন্দিত। ক্যাম্পে নারী শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে প্রতি মাসে এমন আয়োজন করার বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

জিএস নাজিফা তাসফিয়াহ বলেন, শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা হল সংসদের অন্যতম দায়িত্ব। বিশেষ করে সংকোচের কারণে অনেক নারী শিক্ষার্থী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। বিষয়টি বিবেচনায় রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শের ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে হলের প্রাক্তন ছাত্রীরাও অর্থায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!