ধনী-গরিব সবার জন্য সাশ্রয়ী ওষুধ নিশ্চিতের আহ্বান
জীবনরক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সাশ্রয়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, নতুন ওষুধ উদ্ভাবনের পাশাপাশি সেগুলো যেন ধনী-গরিব নির্বিশেষে সবার নাগালে থাকে, তা নিশ্চিত করতে হবে।
শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলন (আইসিপিএস-২০২৬) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ওষুধ আবিষ্কার, ন্যানোমেডিসিন ও লক্ষ্যভিত্তিক চিকিৎসাপদ্ধতি ওষুধবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। এসব প্রযুক্তি ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ওষুধ উদ্ভাবনের পাশাপাশি উৎপাদন ব্যয় কমানোর বিষয়টিও গবেষকদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রযুক্তিগত অগ্রগতির সুফল যেন কেবল সচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে নজর দেওয়া জরুরি। উচ্চপ্রযুক্তির সঙ্গে মানবিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে আর্থিক সামর্থ্য নির্বিশেষে সবার চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, নতুন ধারণা নিয়ে কাজ করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং গবেষণার মূল লক্ষ্য হতে হবে মানবকল্যাণ। একই সঙ্গে ওষুধ গবেষণায় তথ্যের সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে মানুষের আস্থা ধরে রাখতে এসব নৈতিক নীতিমালা মেনে চলার বিকল্প নেই।
নর্থ সাউথ ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক মামুন আহমেদ।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার ড. মোহাম্মদ ফৌজি আবদুল জলিল এবং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার সাহা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ ও এম এ কাশেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসের ইউ আহমেদ।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত ও শ্রীলঙ্কাসহ ১১টি দেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। ১০ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠেয় এ সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনোভেশনস ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ফর গ্লোবাল হেলথ অ্যাডভান্সমেন্ট’।
সম্মেলনে গবেষণা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ওষুধশিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হচ্ছে।