ঝরঝর করে কেঁদে ফেলেন চিত্রনায়ক সিয়াম
যমুনা ব্লকবাস্টারে উদ্বোধনী প্রদর্শনী হলো নতুন ছবি ‘মৃধা বনাম মৃধা’র। গতকাল সোমবার ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। সিয়াম আহমেদ, তারিক আনাম খান, নোভা ফিরোজ, তৌফিকুল ইসলাম, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ অভিনীত ছবিটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।
উদ্বোধনী প্রদর্শনীতে সিয়াম জানান, দর্শকের সঙ্গেই নিজের সিনেমাটি প্রথম দেখছেন। সিনেমা দেখার পর আবেগে আপ্লুত হয়ে সহশিল্পী তারিক আনাম খানের কাঁধে মাথা রেখে ঝরঝর করে কাঁদেন সিয়াম। তাদের দুজনেরই চোখে পানি ছলছল করছিল।
বাবা–ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ছবিটির গল্প। ছবিতে তারিক আনাম খান ও সিয়াম আহমেদ যথাক্রমে বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি।
.png)
তারিক আনাম খান বলেন, চলচ্চিত্রের যখন একটা মন্দা অবস্থা যাচ্ছে তখন এ ছবি এসেছে। আপনাদের সবার শুভকামনা চাই।
অভিনেতা সিয়াম আহমেদ ছাড়াও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির নায়িকা নোভা ফিরোজ, পরিচালক রনি ভৌমিক, অভিনেতা মোশাররফ করিম, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী নিমা রহমান, পরিচালক তৌকীর আহমেদ প্রমুখ। উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিচালক অনন্য মামুন।