তিক্ততা নয়, বিচ্ছেদের পরেও শান্তির বার্তা দিলেন সুস্মিতা
সম্পর্কে ভাঙন নিয়ে অবিরত কাটাছেঁড়ার মাঝেই তার নিস্তরঙ্গ যাপন। বিতর্ক-সমালোচনা ছুঁতে পারছে না প্রাক্তন ভুবনসুন্দরী সুস্মিতা সেনকে। সকাল সকাল অনুরাগীদের সেই বার্তাই দিয়েছেন বঙ্গতনয়া। লিখেছেন, শান্তিই সুন্দর। এর সঙ্গেই জুড়ে দিয়েছেন নিজের একটি ছবি।
ছবিতে চোখ নেই ক্যামেরার দিকে। ঠোঁটে হালকা লিপস্টিক। খোলা চুল ঢেকেছে মুখ। ইচ্ছা করেই যেন নিজেকে খানিক আড়াল করছেন সুস্মিতা। একইভাবে প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের কথা বললেও তার কারণ রেখেছেন আড়ালেই।
উঠতি মডেল রোহমানের সঙ্গে বছর তিনেকের সম্পর্কে ইতি টেনেছেন সুস্মিতা। রাখঢাক না করে অনুরাগীদের সে কথা জানিয়েছেন নিজেই। লিখেছেন, আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভালবাসা রয়ে গিয়েছে।
.png)
সুস্মিতা স্পষ্টভাবে বুঝিয়েছেন, এখন থেকে তারা শুধুই বন্ধু। পূর্বতন রসায়ন এখন অতীত। কিন্তু কেন ফিরে যেতে হল নিছক বন্ধুত্বে? সেই প্রশ্নের উত্তর আপাতত নিজের কাছেই রেখেছেন ‘ম্যায় হুঁ না’-র চাঁদনি।
২০১৮ সাল থেকে প্রেম সুস্মিতা-রোহমানের। ইনস্টাগ্রাম মারফত আলাপ দু’জনের। এর পর ভাল লাগা। ভাল লাগা থেকে প্রেম। সুস্মিতার এবং তার দুই মেয়ের সঙ্গে থাকতেন রোহমান। কিন্তু সম্পর্কে ভাঙন ধরতেই অভিনেত্রীর বাড়ি থেকে চলে যান তিনি। কিন্তু সম্পর্ক শেষ হলেও থেকে গিয়েছে বন্ধুত্ব। তাই তিক্ততা নয়, বিচ্ছেদের পরেও নিজের জন্য শান্তি খুঁজে পেয়েছেন সুস্মিতা।