তাণ্ডব চালাচ্ছে ‘কেজিএফ টু’, ‘চ্যাপ্টার থ্রি’ নিয়ে যা বললেন পরিচালক
চার বছর আগে মুক্তি পেয়েছিলো ইয়াশ অভিনীত সিনেমা ‘কেজিএফ’। ছবিটি কত বড় চুক্তি হয়ে উঠতে পারে সেসময়ও কেউ আন্দাজ করতে পারেনি। কিন্তু মুক্তির পর শুধু কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নয়, পুরো ভারতবর্ষ জুড়ে এর জয়জয়কার শোনা গেছে এবং ইয়াশের এক অন্যরকম ক্রেজ তৈরি হয়। এরপর থেকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ছবিটির দ্বিতীয় কিস্তির।
অবশেষে গেল ১৪ এপ্রিল মুক্তি পায় ছবিটির দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে কেজিএফ: চ্যাপ্টার টু। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বেশ ভালো সংগ্রহ করছে কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত এ সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড রচনা করতে যাচ্ছেন রকিং স্টার ইয়াশ।
দ্বিতীয় কিস্তিতে এসে দর্শক খুঁজে পেলেন আরো বেশ কিছু হিন্টস, যাতে বোঝা যায় এর তৃতীয় কিস্তিও আসতে যাচ্ছে!
.png)
তৃতীয় কিস্তি প্রসঙ্গে ছবিটির নির্মাতা প্রশান্ত নীল ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এখনই নিশ্চিত করাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে এটা বলতে পারি, সিনেমায় কিন্তু মৃতকে আবার জীবিত করে দেখানো যেতেই পারে। দর্শকের যদি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ দেখে ভালো লাগে কিংবা ভালোবাসে, তাহলে আমরা এর ফ্র্যাঞ্চাইজি চালিয়ে যাওয়ার কথা ভাবতে পারি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে থেকে জানা যায়, দুই দিনে ভারতের বক্স অফিসে প্রায় ২৩০ কোটি রুপি (গ্রস) সংগ্রহ করেছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। মুক্তির দ্বিতীয় দিনে হিন্দি ভার্সন থেকে সিনেমাটির সংগ্রহ ৪৩.৫০ কোটি থেকে ৪৫.৫০ কোটি রুপি। আর ভারতের অন্যান্য সার্কিট থেকে সংগ্রহ ৪৫ কোটি রুপির বেশি।
ধারণা করা হচ্ছে, দ্রুত সময়ে হিন্দি বেল্টে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে রকি ভাইয়ের সিনেমা। আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন। এ দিন বড় সংগ্রহ করবে বলে বাণিজ্য বিশ্লেষকদের আশা।
বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতে ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে।