এবার ফ্রান্সের প্যারিসে মুক্তি পেতে চলেছে পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘শান’। ২৭ মে (শুক্রবার) গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ছবিটি প্রদশির্ত হবে। সেখানে ছবিটি পরিবেশন করছে দেসি এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি ছবিটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকের রেসপন্স বাড়লে পরবর্তী সময়ে শো আরো বাড়ানো হবে।
.png)
ফ্রান্সে মুক্তি পেতে যাওয়ায় উচ্ছ্বসিত ছবির পরিচালক এম রাহিম। তিনি বলেন, ঈদে দর্শক টেনেছে ছবিটি। আমরা চাই ছবিটি প্রবাসী বাংলাদেশিরাও দেখার সুযোগ পাক। এবার ফ্রান্সে ছবিটি মুক্তি দিচ্ছে দেসি এন্টারটেইনমেন্ট। বাংলা সিনেমা বিদেশে মুক্তি দিতে তাদের এগিয়ে আসার উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি ছবিটি ফ্রান্সের দর্শকও দেখবেন।
‘শান’ এর কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ছবিটির ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।

আজাদ খান বলেন, যে ভাবনা নিয়ে ‘শান’ নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে। ছবিটি মুক্তির পর দর্শকের সাড়া পেয়েছি, এটা আমাদের পরবর্তী সিনেমা নির্মাণে আগ্রহী করেছে। এবার ছবিটি ফ্রান্সে মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য দারুণ সুখবর।
ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তিনি বলেন, ভালো লাগছে ফ্রান্সের প্রবাসী ভাই-বোনরা ছবিটি এবার দেখতে পাবেন। আমি সবাইকে হলে এসে ছবিটি দেখার জন্য আহ্বান করব।
এতে সিয়ামের নায়িকা পূজা চেরি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।