জানুন, কে এই মিস ইন্ডিয়া
সম্প্রতি ২১ বছর বয়সী সিনি শেঠি ‘মিস ইন্ডিয়া’ হয়ে মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তার মাথায় শোভা পাচ্ছে ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২’-এর মুকুট। এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বৃহৎ পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে এই তরুণী সৌন্দর্যের পাশাপাশি স্পট অন প্রতিক্রিয়া শৈলী দিয়ে মানুষের মন জয় করেন। তবে কে এই দক্ষিণী সুন্দরী?
সিনি শেঠির জন্ম মুম্বাইয়ে হলেও তিনি কর্ণাটকের বাসিন্দা। তিনি অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে স্নাতক শেষ করে এখন পেশাদারী কোর্স চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) করছেন। তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পীও।
সিনি শেঠি মাত্র চার বছর বয়সেই নাচের তালিম নেওয়া শুরু করেন। ১৪ বছর বয়সে আরঙ্গেট্রাম ও ভারতনাট্যম আয়ত্ব করে ফেলেন তিনি। এই নাচ দিয়েই তিনি মিস ইন্ডিয়ার বিচারকদের বেশি আকৃষ্ট করতে সক্ষম হন। এবার মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া ও মিতালি রাজ।
এবার ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন সিনি শেঠি। এর আগে ভারত থেকে বেশ কয়েকজন মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছেন। সর্বশেষ ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড হন ভারতের মানুষী ছিল্লার। তিনি এরইমধ্যে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এখন দেখার পালা নতুন মিস ইন্ডিয়া ভারতকে পুনরায় বিশ্বসুন্দরীর গৌরব এনে দিতে পারেন কিনা।