ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রেম নিবেদন দিবসে একসঙ্গে দুই প্রাক্তন, ফের কি কাছাকাছি সারা-কার্তিক?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩
প্রেম নিবেদন দিবসে একসঙ্গে দুই প্রাক্তন, ফের কি কাছাকাছি সারা-কার্তিক?
ছবি: সংগৃহীত

সামনেই ভ্যালেন্টাইনস ডে। হাওয়ায় এখন প্রেমের গন্ধ। বলিউডে তো সেই গন্ধ প্রবল। সদ্য চারহাত এক হয়েছে বলিপাড়ার জনপ্রিয় কিয়ারা আদভানী এবং সিদ্ধর্থ মালহোত্রা। জয়সলমেরে গাঁটছড়া বেঁধেছেন তারা। বলিউডে যেন নির্দিষ্ট তারিখের আগেই এসে গিয়েছে প্রেমের মরসুম। সেই মরসুমে ফের কাছাকাছি আর এক প্রাক্তন জুটি। সারা আলি খান ও কার্তিক আরিয়ান। বলিপাড়ায় অন্তত গুঞ্জন তাই। 

প্রেমদিবসের আগেই দু’জনকে দেখা গেল একসঙ্গে। তবে কি ফের কাছাকাছি আসছেন দুই তারকা?

সদ্য এক ফ্রেমে দেখা গিয়েছে দুই প্রাক্তনকে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে কথা বলছেন সারা ও কার্তিক। দু’জনের মুখেই চওড়া হাসি। একে অপরের সঙ্গ যে বেশ উপভোগ করছেন দুই তারকা, ছবি থেকেই তা পরিষ্কার। এই মুহূর্তে কোনো ছবিতে একসঙ্গে কাজ করছেন না ‘লাভ আজ কাল’ জুটি। তবে কি এই সাক্ষাৎ একান্তই ব্যক্তিগত? কৌতূহলী অনুরাগীরা। 

Advertisement

সমাজমাধ্যমে এরইমধ্যেই দুই তারকার সম্পর্ক নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছে। অনেকে বলছেন, ‘সার্তিক’কে (সারা ও কার্তিক) একে অপরের সঙ্গেই সবথেকে বেশি ভাল লাগে। কারো আবার মন্তব্য, এখনই ওদের বিয়ের সানাই বাজানোর কোনো দরকার নেই।

২০২০ সালে মুক্তি পায় ইমতিয়াজ আলির ছবি ‘লাভ আজ কাল ২’। সেই ছবিতে একসঙ্গে কাজ করার সময়েই সামনে এসেছিল সারা ও কার্তিকের প্রেমের গুঞ্জন। ছবি দর্শকের মনে সেভাবে দাগ কাটতে না পারলেও দুই অভিনেতার রসায়ন বেশ জনপ্রিয় হয়েছিল। পরে কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’ শোয়েও কার্তিকের সঙ্গে সম্পর্কের কথা একপ্রকার স্বীকার করে নেন সারা। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। 

অন্য এক অনুষ্ঠানে কার্তিক জানান যে, তিনি দেড় বছর ধরে সিঙ্গল। সম্পর্কে ছেদ পড়ার পরেও বেশ কয়েক বার একে অন্যের সঙ্গে দেখা গিয়েছে সারা ও কার্তিককে। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে পার্টি, দেখা হলেও হেসে কথা বলেছেন দুই তারকা। তবে এ বারের হাসির ঝলক কিছুটা অন্য রকম। ১৪ ফেব্রুয়ারির আগেই কি প্রেম ফিরছে সারা আর কার্তিকের জীবনে? আশাবাদী তারকা জুটির অনুরাগীরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!