ধারাবাহিক জগত থেকে অভিনয় শুরু করেছিলেন করণ। তিন বছর হিন্দি ধারাবাহিকে কাজ করার পর ‘দিল মিল গায়ে’ সিরিয়ালের মাধ্যমে সাফল্যের দেখা পান তিনি।
অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি হওয়ার পর টেলি অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই তারকা। কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। মাত্র ১০ মাস এক ছাদের নিচে থাকার পর বিচ্ছেদ হয়ে যায়।
.png)
করণ যে ডান্স রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, সেই শোয়ে করণের কোরিয়োগ্রাফার ছিলেন নিকোল অ্যালভারেস। নিকোলের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। পরকীয়া সম্পর্কের কথা প্রকাশ্যে আসায় করণ এবং শ্রদ্ধার বিবাহবিচ্ছেদ হয়।
শ্রদ্ধার সঙ্গে বিচ্ছেদের তিন বছর পর সহ-অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন করণ। ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের শুটিংয়ের বদৌলতে জেনিফারের সঙ্গে আলাপ হয় তার। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
জেনিফারের সঙ্গে করণের সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় আলোচনার বন্যা বয়ে যেত। টেলিভিশনের পর্দায় করণ এবং জেনিফারের জুটি দর্শকের মনে ধরেছিল। তারা বাস্তবেও একসঙ্গে থাকছেন জেনে এই তারকা জুটিকে দর্শকেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। কিন্তু করণ এবং জেনিফারের সম্পর্কে চিড় ধরে। জেনিফার জানতে পারেন যে, করণের সঙ্গে নিকোলের আবার সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রী শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন করণ।
একসঙ্গে দুই নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে থাকার কথা জানতে পারেন জেনিফার। তখন করণের সঙ্গে একই বাড়িতে থাকলেও কথা বলা বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় করণের সঙ্গে ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের শুটিং করতেন জেনিফার।
বলিপাড়ায় কানাঘুষা চলছিল যে, দুজনের মধ্যে কথোপকথন বন্ধ থাকায় শুটিং ফ্লোরে একে অপরের সামনেও যেতেন না জেনিফার-করণ। এমনক, শুটিংয়ের সময়ও আলাদা করে নিয়েছিলেন তারা। একসঙ্গে কোনো দৃশ্যে অভিনয় না থাকলে তারা শুটিং ফ্লোরে অন্য সময়েই আসতেন।
জেনিফারের সঙ্গে অশান্তি হওয়ার পর শ্রদ্ধা এবং নিকোলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন করণ। নিজের ভুল বুঝেছেন বলে করণকে ক্ষমাও করে দেন জেনিফার। তাদের সম্পর্ক আবারো জোড়া লাগে। কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়।
‘কবুল হ্যায়’ নামের একটি হিন্দি ধারাবাহিকে কাজ করতে শুরু করেন করণ। কানাঘুষা শোনা যায়, সেই ধারাবাহিকের প্রযোজক গুল খানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এই অভিনেতা।
শুধু প্রযোজকের সঙ্গেই নয়, তার পাশাপাশি ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সুরভি জ্যোতির সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে করণের। জেনিফারের কানে করণের সঙ্গে সুরভির সম্পর্কের কথা আসে। শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও শুটিং সেটে সুরভির সঙ্গে করণ সময় কাটাতেন বলে জানতে পারেন জেনিফার।
করণ এবং সুরভিকে হাতেনাতে ধরবেন বলে একদিন সোজা শুটিং ফ্লোরে পৌঁছে যান জেনিফার। সেখানে গিয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন অভিনেত্রী। সেদিন রাগ সামলাতে না পেরে করণের গালে সপাটে চড় মারেন জেনিফার।
প্রথমবার ক্ষমা করে দিলেও দ্বিতীয়বার একই ভুল ক্ষমা করতে পারেননি জেনিফার। তার সঙ্গে একই ছাদের নিচে থেকেও বারবার বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় করণের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন জেনিফার।
দুবছর সংসার করার পর ২০১৪ সালে করণ এবং জেনিফারের বিচ্ছেদ হয়। যদিও বলিপাড়ার একাংশের দাবি, বিপাশা বসুর সঙ্গে ‘অ্যালোন’ সিনেমাতে কাজ করার সময় তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন করণ। সেই কারণেই নাকি করণকে ডিভোর্স দেন জেনিফার।
২০১৫ সালে ‘অ্যালোন’ নামের হরর ঘরানার হিন্দি সিনেমাটি মুক্তি পাওয়ার এক বছরের মধ্যেই বিপাশাকে বিয়ে করেন করণ। বিয়ের পর আর সে রকমভাবে অভিনয় করতে দেখা যায়নি কাউকেই। এখন কন্যাসন্তানকে নিয়েই ব্যস্ত রয়েছেন এই তারকা জুটি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে এ সংক্রান্ত একটি প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।