স্টারকিডরা বরাবরই লাইমলাইটে থাকেন। সে বলিউড হোক বা টালিউড। সেলেব্রিটি হওয়াটা কি আর কম পরিশ্রমের। চারিদিকে হাজারও ক্যামেরা। পাপারাজিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয়। কাজেই তটস্থ থাকতে হয় সর্বক্ষণ। পান থেকে চুন খসলেই হল। নেটিজেনদের রোষানলে পড়া শুধু মুহূর্তের অপেক্ষা। এবার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দু’দিনই পাকিস্তানি পোশাকশিল্পী ইকবাল হুসেইনের পোশাকে সেজে কটাক্ষের শিকার সারা আলি খান।
আসলে পাকশিল্পীর পোশাক পরার জন্য যতটা না কটু কথার সম্মুখীন হতে হয়েছে নবাবকন্যাকে, তার থেকেও বেশি কেন সাজপোশাকের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা সত্ত্বেও ওই ডিজাইনারকে ক্রেডিট দেননি অভিনেত্রী, সেই নিয়েই প্রতিবেশী দেশে নিন্দার ঝড়। ভারতীয় নেটপাড়া বলছে, ‘আমাদের দেশে কি ডিজাইনার কম পড়িয়াছিল?’ আবার পাকিস্তানের একাংশের কটাক্ষ, ‘এদেশের ফ্যাশন ডিজাইনারের পোশাক যখন পরেছেন, তখন ক্রেডিট দেওয়ার মতো বুকের পাটা নেই আপনার?’
.png)
সবমিলিয়ে বেজায় রোষানলের মুখে পড়েছেন অভিনেত্রী। কেন সারা পাকশিল্পীকে ট্যাগ করেননি তার পোস্টে? সেই নিয়েই বেজায় চটেছে পাকিস্তান। অনেকে আবার সারার পোস্টে ইকবালকে ট্যাগ করে আর্জি জানিয়েছেন, তিনি যেন এই বিষয়ে মুখ খোলেন। যদিও চারদিকে নিন্দার ঝড় উঠলেও সারা আলি খান কিন্তু ‘স্পিকটি নট’!