ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যেমন পুরুষকে বিয়ে করতে চান তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২, ১ আগস্ট ২০২৪
যেমন পুরুষকে বিয়ে করতে চান তানিয়া বৃষ্টি
ফাইল ছবি

এই সময়ে টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ঢাকাই সিনেমায় নিয়মিত হতে চেয়েছিলেন। বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন। পছন্দ মতো চরিত্র না পাওয়ায় বড় পর্দা থেকে সরে এসেছেন তিনি। তবে টেলিভিশন নাটকে তার চাহিদা রয়েছে। মুন্সিগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রী দুই বোনের মধ্যে ছোট। বাবা প্রবাসে থাকেন। মা আর বড় বোনের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে মার্কেটিংয়ে গ্রাজুয়েশন করেছেন। ২০১২ সালে ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ দ্বিতীয় রানারআপের মধ্য দিয়ে শোবিজ জগতে পা রাখেন তানিয়া বৃষ্টি।

সম্প্রতি কাজে ফিরেছেন জানিয়ে তানিয়া বলেন, বেশ কয়েকটি একক নাটকে অভিনয় করছেন তিনি। শুটিং শুরু হয়েছে ইমরান হাওলাদার পরিচালিত একক নাটকের। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে তানিয়ার বিপরীতে অভিনয় করছেন নিলয় আলমগীর।

বরাবরই নাটকের ছোট পর্দা থেকে সিনেমার বড় পর্দার প্রতিই বেশি আগ্রহ ছিল তার। ক্যারিয়ারের শুরুতে সুযোগ পেয়ে যান আকরাম খানের ‘ঘাসফুল’ ছবিতে। এরপর বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও নিয়মিত হননি বড় পর্দায়।

Advertisement

বড় পর্দায় ফেরা নিয়ে তিনি বলেন, ‘বড় পর্দার প্রতিষ্ঠিত নায়িকা হওয়ার ইচ্ছা থাকলেও নানা কারণে সেটি সম্ভব হয়নি। নাটকের ব্যস্ততায় সিনেমা নিয়ে এখন আর ভাবনা নেই। তবে ভালো প্রস্তাব পেলে ব্যাটে-বলে মিললে হয়তো ফেরা হবে সিনেমায়।’

আইডল হিসেবে কাকে মানেন জানতে চাইলে তানিয়ার স্পষ্ট জবাব- জয়া আহসান। তিনি বলেন, ‘জয়া আপুর অভিনয় আমার খুব ভালো লাগে। এত ন্যাচারাল অভিনয় করেন তিনি! আমি তাকে অ্যাডমায়ার করি।’

শিগগিরই বিয়ে করছেন কিনা জানতে চাইলে তানিয়া জানান, ‘আপাতত মাথায় এইটা নাই। এখন নিজের কাজগুলোকেই বেশি ফোকাস করছি। কয়েক বছর যাক তারপর ভাববো।’

কেমন মানুষকে বিয়ে করতে চান জানতে চাইলে তানিয়া বলেন, ‘দেখতে কেমন বা সম্পদশালী কিনা এটা কোনো মেটার করে না। যাকে বিয়ে করবো তাকে ব্যক্তিত্ববান, সৎ চরিত্রের অধিকারী এবং অবশ্যই শিক্ষিত হতে হবে।’ তিনি আরো বলেন, ‘এই তিনটা জিনিস থাকলেই সফল ও সুখী হওয়া সম্ভব। এমন পুরুষের হাত ধরে প্রাউড ফিল করা যায়।’

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!