ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ৩ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন
ছবি: অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

চট্টগ্রাম নগরীর আর এস রোডে খুকি লাইফস্টাইল নামে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। বেশ আগেই ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান এই অভিনেত্রী। তবে তাকে দিয়ে শোরুম উদ্বোধনের প্রতিবাদ করেছেন সেখানকার একদল মানুষ। শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় মেহজাবীনের সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে আর যাননি তিনি।

খুকি লাইফস্টাইল শোরুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। এ সময় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা বলেন তিনি। তার এই ঘোষণার পর শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে।

ওই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

Advertisement

শোরুম উদ্বোধনের ঘোষণা দিয়েও কেন মেহজাবীন এলেন না? জানতে চাইলে খুকি লাইফস্টাইলের ম্যানেজার ইমদাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে তিনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই শোরুম উদ্বোধন করা হয়েছে।’ কাদের বাধার কারণে তিনি আসেননি? এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে।’

এ ঘটনার পর মেহজাবীনের মাথায় বেন্ডেজ করা একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  চট্টগ্রামে গিয়ে অভিনেত্রী আহত হয়েছেন বলেও জানান কেউ কেউ। অথচ ভাইরাল হওয়া সেই ছবিটি অভিনেত্রীর একটি নাটকের চরিত্র ছিল, যা মেহজাবীন নিজেই মাসখানেক আগে শেয়ার করেছিলেন।   

এ ঘটনার পরে অভিনেত্রী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এসে অনুরাগীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। যেখানে তিনি জানান, সুস্থ আছেন বলে জানান।

মেহজাবীন লিখেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’ 

এরপর তিনি বলেন, ‘ আমি চট্টগ্রামে একটি শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে।’ 

সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার।’ 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!