ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্ত্রী রোজাকে নিয়ে যা বললেন তাহসান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭, ৭ জানুয়ারি ২০২৫
স্ত্রী রোজাকে নিয়ে যা বললেন তাহসান
রোজা ও তাহসান। ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই কোনো রকমের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই সিঙ্গেল লাইফের অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গায়ক-অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

তাহসান খান বিয়ের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কবিতা আকারে লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে / আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? / যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন / ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ আর সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিয়েছেন ‘হোম ফর লাইফ।’

এদিকে এ তারকার বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই নানা চর্চা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। গায়কের নতুন স্ত্রী নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যায়। এরই মধ্যে বিয়ে ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংবাদমাধ্যমে কথা বললেন তাহসান খান।

Advertisement

এ গায়ক বলেন, আমি বিয়ে করেছি, সেটা জানানোর দরকার ছিল, জানিয়েছি, এতটুকুই (হাসতে হাসতে)। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে, তার এ নিয়ে আর কিছুই বলার নেই।

রোজা ও তাহসান

সোমবার (৬ জানুয়ারি)  ‘একা ঘর আমার’/ (Lonely Home) শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে তাহসানের। স্যাড রোমান্টিক ধাঁচের গানটির কথা ও সুর তিনি নিজেই করেছেন। আর এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হয়েছেন তাহসান ও সিঁথি। আর এ গান প্রকাশের অনুষ্ঠানেই এসব কথা বলেছেন তাহসান।

এ সময় বিয়ে পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে হাসতে হাসতে তাহসান বলেন, আমাদের দেশের হিউমর ক্যাপাসিটির গ্রহণযোগ্যতা একেক রকম। অনেক দেশেই স্ট্যান্ডআপ কমেডি ব্যাপক। আমাদের দেশের ইন্ডাস্ট্রি বড় না তেমন, আমাদের দেশের রসবোধ একটু ব্যতিক্রম। আমরা সবকিছুতে রসবোধ আনতে পারি না। আসলে এ প্রশ্নের উত্তর যেভাবে দিতে পারলে আমার মজা লাগতো, আমি সেভাবে দিতে পারছি না (হাসতে হাসতে)।

তাহসান বলেন, আমার কাছে মনে হয় আমরা জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল। সবকিছুতে চুলছেঁড়া বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই তারা সবসময় একটি স্পটলাইটের নিচে থাকি। এ কারণে এ প্রশ্নের উত্তর যেভাবে মজা করে দিতে চাচ্ছি সেভাবে পারছি না। তবে অনুভূতিটা খুবই অসাধারণ।

রোজা ও তাহসান

তিনি আরো বলেন, সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি এবং খুবই সুখী। তারকা হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা পাচ্ছি, এ নিয়ে খুবই আনন্দিত আমি। কিন্তু আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে সবকিছুতেই একটু বেশি নেগেটিভিটি, একটু বেশিই চর্চা হয়। সবই কাটতির জন্য, এর জন্য কাউকে দোষ দেব না। আমার কাজ গান করে যাওয়া, গান উপহার দেওয়া।

এ গায়ক বলেন, পারসোনাল লাইফে অনেক সুন্দর ঘটনা থাকে, যেগুলো ক্যামেরার সামনে বলা রুচিশীল না। আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি―যেটা আমাদের খুব পারসোনাল ব্যাপার।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!