হাসপাতালে ভর্তি কবি-অভিনেতা রিফাত চৌধুরী
আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন রিফাত চৌধুরী। হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই চরিত্রের মাধ্যমে দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে তার কবিতার জগতে পথচলা শুরু হয়। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।