ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৬
পল্লবীতে পার্কিং করা বাসে আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সিরামিক রোডে সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের বাসটিতে আগুন লাগে। আগুনের ঘটনায় কারা জড়িত এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

Advertisement

বাসটির মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকালে তার সাবেক এক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন। পাশের একটি চায়ের দোকানের কর্মীও বাস থেকে ধোঁয়া বের হতে দেখেছেন বলে জানান তিনি।

পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করেননি বলে জানিয়েছেন বাসটির মালিক।

এর আগে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর মিরপুরের দুটি স্থানে, বাড্ডা ও মাতুয়াইলে বাসে এবং দক্ষিণ কেরানীগঞ্জে একটি পিকআপ ভ্যানে আগুনের ঘটনা ঘটে। একই রাতে ময়মনসিংহ ও রাজবাড়ীতেও দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগে।

এ ছাড়া শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজারসংলগ্ন সড়ক, সচিবালয় মেট্রো স্টেশনের নিচের সড়ক ও কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাতবোমা বিস্ফোরণের খবর দেয় পুলিশ। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং একটি বাসে আগুনের ঘটনাও ঘটে। এসব ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!