ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পর্দায় মনোযোগ দিচ্ছেন অভিনেতা সিয়াম মৃধা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:২০, ২ অক্টোবর ২০২৬
পর্দায় মনোযোগ দিচ্ছেন অভিনেতা সিয়াম মৃধা
ছবি: সংগৃহীত

অভিনেতা সিয়াম মৃধা নাটকের ব্যস্ততা পেছনে ফেলে এবার বড় পর্দায় মনোযোগ দিতে যাচ্ছেন। অক্টোবর থেকেই সিনেমার কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে চারটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। এর মধ্যে একটি সিনেমা নির্মাণ করবে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির সিনেমাটির নাম ‘জানোয়ার’। অন্য একটি সিনেমার নাম ‘হলদে শাড়ি’। বাকি দুটি সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমায় সিয়ামের পথচলার স্বপ্ন অবশ্য নতুন নয়। একসময় জনপ্রিয় নায়িকা শাবনূরের হাত ধরে চলচ্চিত্রে আসার সুযোগ তৈরি হয়েছিল তার। নির্মাতা সোহানুর রহমান সোহানের একটি সিনেমায় অভিনয়ের কথাও ছিল সিয়ামের। প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছিল। কিন্তু হঠাৎ নির্মাতা সোহানুর রহমান সোহানের মৃত্যুতে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। থেমে যায় বড় পর্দায় সিয়ামের অভিষেকের স্বপ্ন।

Advertisement

এরপর নাটকে অভিনয় শুরু করেন সিয়াম। সময়ের সঙ্গে ছোট পর্দায় নিজের জায়গাও তৈরি করেন তিনি। চলতি বছরে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বুকের পাঁজর’, ‘বসের প্রেমে’, ‘তোমার অপেক্ষায়’ ও ‘কানামাছি’। এসব নাটকে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। তাদের মধ্যে রয়েছেন জেবা জান্নাত, শায়লা সাথী, কামরুন্নাহার হাসি ও মিহি।

তবে এবার আর নাটক নয়, নিজের শুরুটা যে জায়গা থেকে করার স্বপ্ন ছিল, সেই সিনেমাতে মনোযোগ দিতে চান সিয়াম। তার ভাষ্য, অক্টোবর থেকেই একে একে সিনেমার কাজ শুরু করবেন তিনি। চুক্তিবদ্ধ চারটি সিনেমার কাজ শুরু হলে পর্যায়ক্রমে সেগুলোর খবর সবাইকে জানাবেন।

সিনেমায় ফেরার প্রস্তুতি প্রসঙ্গে সিয়াম মৃধা বলেন, ‘এ সময়টা আমি সিনেমায় অভিনয়ের জন্যই নিজেকে প্রস্তুত করছি।

আসলে আমি তো এসেছিলামই মূলত সিনেমায় অভিনয় করতে। কিন্তু মাঝখানে ছন্দপতন হলো, আমিও ব্যস্ত হয়ে উঠলাম নাটকে। কিন্তু আমার সবচেয়ে প্রিয় নায়িকা শাবনূর ম্যাডাম আমাকে যে স্বপ্ন নিয়ে সিনেমার জগতে এনেছিলেন, তা হলো না।’

শাবনূরের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গেও নিজের অনুভূতির কথা জানিয়েছেন সিয়াম। তিনি বলেন, ‘তারপরও শাবনূর ম্যাডাম আমাকে নিয়ে আশা ছাড়েননি। এখন তো আসলে ভয়ে তার সঙ্গে যোগাযোগ করি না। কারণ আমি এখনো নাটক করছি। সিনেমার কাজগুলো শুরু হোক, একে একে সিনেমাগুলো মুক্তি পাক। এরপর সাহস করে তাকে ফোন করে জানাব যে, আমি সিনেমায় কাজ শুরু করেছি। আপনি আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ করার চেষ্টা করছি।’

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!