ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়: আতিকুর রহমান

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ২ অক্টোবর ২০২৬
ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়: আতিকুর রহমান
ঝালকাঠিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী শ্রমনীতি চালু ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, দেশের শ্রমিকরা সমাজ পরিবর্তনের বিভিন্ন আন্দোলনে বারবার রক্ত দিলেও তাদের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। তাই শ্রমিক সমাজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

Advertisement

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে ওই আন্দোলনে শ্রমিক সমাজের অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বর্তমান সরকার সেই লক্ষ্য থেকে সরে পুরোনো পথেই হাঁটছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, সংবিধান সংস্কারে কার্যকর ভূমিকা না নেওয়া, গণভোটের ‘হ্যাঁ’ ভোটকে অস্বীকার করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সংগঠনকে শক্তিশালী করে দেশ পরিবর্তনের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে অন্যায়, অত্যাচার ও জুলুমের অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি-২ আসনে বিগত জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই দারসুল কুরআন উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শাহাবুদ্দিন সরদার।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!