ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জয়া বললেন, ‘কফির বিল’ পেলেই ভক্তের সঙ্গে যেতে রাজি!

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১১, ৩১ অক্টোবর ২০২৬
জয়া বললেন, ‘কফির বিল’ পেলেই ভক্তের সঙ্গে যেতে রাজি!
ছবি: সংগৃহীত

জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেত্রী, দুই বাংলার মডেল ও প্রযোজক জয়া আহসান প্রায় সময়ই নিজের গ্ল্যামার ও রূপের জাদুতে ভক্তদের মুগ্ধ করে রাখেন। তবে এবার তিনি কিছুটা ভিন্ন মেজাজে হাজির হয়ে ভক্তদের সরাসরি কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

তবে এই আতিথেয়তার পেছনে জুড়ে দিয়েছেন একটি মজার ও বিশেষ শর্ত- কফি ডেটের সঙ্গ তিনি দিলেও তার বিল পরিশোধ করতে হবে ভক্তকে। তার এই খুনসুটিপূর্ণ প্রস্তাব ঘিরে ভক্তদের মধ্যেও দেখা গেছে বেশ আগ্রহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের কফি পানের কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেন জয়া। সাদা পোশাকে ছবিগুলোতে বেশ স্বচ্ছন্দ ও আকর্ষণীয় দেখাচ্ছিল তাকে। কখনো কফির কাপ ঠোঁটের কাছে তুলে ধরেছেন, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হেসেছেন। ছবিগুলোতে তার সাবলীল উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে জয়ার ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

অভিনত্রীর এমন মজার আমন্ত্রণে সামাজিকমাধ্যমে দ্রুত সাড়া দেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই জানিয়েছেন, কফির বিল দিতে তাদের কোনো আপত্তি নেই। কেউ কেউ আবার জয়ার সঙ্গে এক কাপ কফি খেয়ে আড্ডা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। সব মিলিয়ে পোস্টটি ঘিরে মন্তব্যের ঘরে জমেছে নানা রকমের রসিকতা।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রে সমানভাবে পরিচিত মুখ জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও প্রযোজনাতেও কাজ করেছেন তিনি। টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে অতিথি শিল্পী হিসেবে তার বড় পর্দায় অভিষেক হয়। পরে ২০১১ সালে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। এই সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেন তিনি।

এরপর ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘দেবী’, ‘আলাতচক্র’ ও ‘বিউটি সার্কাস’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন জয়া। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমাতেও তার রয়েছে উল্লেখযোগ্য কাজ। সেগুলোর মধ্যে ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘রবিবার’ ও ‘রাজকাহিনী’ অন্যতম।

জয়ার অভিনয়জীবনের স্বীকৃতির ঝুলিও বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন তিনি। এ ছাড়া ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ২০২৩ সালে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’-এর মাধ্যমে হিন্দি সিনেমায়ও অভিষেক হয় তার।

পর্দার গণ্ডি ছাড়িয়ে সামাজিকমাধ্যমেও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন জয়া। কখনো নতুন কাজের খবর, কখনো ব্যক্তিগত মুহূর্তের ছবি, আবার কখনো এমন মজার পোস্ট দিয়ে আলোচনায় আসেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!