ব্যালন ডি’অরজয়ী কেইনের প্রশংসায় কিংবদন্তি অঁরি
ব্যালন ডি’অর জয়ের পর ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের ভূয়সী প্রশংসা করেছেন আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরি। বায়ার্ন মিউনিখ তারকা কেনকে একজন নিখুঁত ফুটবলার হিসেবে অভিহিত করেছেন তিনি।
একই সঙ্গে মাঠের বাইরের মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সাক্রেটিস পুরস্কার জেতায় আর্সেনাল তারকা বুকায়ো সাকারও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফরাসি এই ফুটবল আইকন।
সম্প্রতি অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর অনুষ্ঠানে ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ এই সম্মান নিজের করে নেন হ্যারি কেইন। অন্যদিকে মানবহিতৈষী ও সামাজিক কাজের জন্য বিশেষ স্বীকৃতি পান সাকা। দুই ইংলিশ তারকার এই বিশ্বমঞ্চের স্বীকৃতিতে নিজের দারুণ সন্তুষ্টি প্রকাশ করেন অঁরি।
কেইনের ক্যারিয়ারের শুরুর কঠিন পথচলা এবং পরিশ্রমের কথা স্মরণ করে অঁরি বলেন, হ্যারির এই অর্জন একদমই প্রাপ্য। পরিশ্রমের কী অসাধারণ দৃষ্টান্ত সে। আপনি আপনার সন্তানদের কেনকে দেখিয়ে বলতে পারেন, কঠোর পরিশ্রম করলে ঠিক কী অর্জন করা সম্ভব। ক্যারিয়ারের শুরুর দিকে সে লেস্টার সিটি, মিলওয়াল ও নরউইচ সিটির মতো ক্লাবে লোনে খেলেছে।
কেইনের খেলার টেকনিক্যাল উন্নতির প্রশংসা করে অঁরি আরও যোগ করেন, সে একসময় খাঁটি গোলদাতা ছিল, সেখান থেকে কীভাবে নিজেকে ধাপে ধাপে বিকশিত করেছে তা অবিশ্বাস্য। কতটা বুদ্ধিমান খেলোয়াড়ে পরিণত হয়েছে! সে এখন মিডফিল্ডে নেমে আসে, রক্ষণ সামলায়, আক্রমণ সাজায়, এমনকি দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝে নেমে বল রিসিভ করে। সে খেলাটা সবার চেয়ে ভালো বোঝে। একজন নিখুঁত ফুটবলারের সব গুণ তার মাঝে আছে। এই ব্যালন ডি’অর তার কঠোর পরিশ্রমেরই উপযুক্ত পুরস্কার, তার প্রতি অসীম শ্রদ্ধা না থেকে উপায় নেই।
এদিকে, সাক্রেটিস অ্যাওয়ার্ড জেতা বুকায়ো সাকা প্রশংসা করে তিনি বলেন, পুরস্কার গ্রহণকালে সে যেভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছিল, সেটিই আসল বুকায়ো সাকা। সে অত্যন্ত বিনয়ী এবং তার চারপাশের মানুষগুলোও চমৎকার।
ব্যালন ডি’অর ও অন্যান্য স্বীকৃতি অর্জনের পর এই দুই ইংলিশ তারকা এখন সম্পূর্ণ মনোযোগী নিজ নিজ ক্লাবের হয়ে মাঠে নামতে। বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগার শিরোপা জেতানোর মিশনে নেতৃত্ব দিচ্ছেন কেইন, আর আর্সেনালকে বড় সাফল্য এনে দিতে প্রধান ভূমিকা রাখছেন সাকা।