ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ২০ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
ছবি: সংগৃহীত

উত্তরের হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। দিন যত যাচ্ছে, ততই কমছে তাপমাত্রা। বিশেষ করে রাত থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। ভোরে ঘাসের ওপর জমছে শিশির, বইছে উত্তরের হিমেল বাতাস। দিনের বেলায় রোদের দেখা মিললেও সন্ধ্যার পর বাড়ছে ঠান্ডা। শীতের আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় বাসিন্দারা বের করতে শুরু করেছেন সোয়েটার, জ্যাকেট, চাদরসহ শীতের প্রয়োজনীয় পোশাক।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরু থেকেই তেঁতুলিয়ায় শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে রাতভর শীতের অনুভূতি বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে রাতের ঠান্ডা আগের তুলনায় বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে শেষরাত ও ভোরে শীতের প্রকোপ বাড়ছে। লেপ-কম্বল ব্যবহার করেও অনেক সময় ঠান্ডা থেকে রেহাই মিলছে না। হিমেল বাতাসের কারণে সকালে ঘরের বাইরে বের হলেই শীতের তীব্রতা টের পাওয়া যাচ্ছে।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ছে। শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পাথরশ্রমিক, চা-শ্রমিক, কৃষিশ্রমিক ও দিনমজুররা। মহানন্দাসহ সীমান্তবর্তী নদীগুলোর ঠান্ডা পানিতে নেমে পাথর সংগ্রহ এবং শিশিরভেজা চা-বাগানে কাজ করতে গিয়ে কষ্ট পোহাতে হচ্ছে তাদের। প্রতিকূল আবহাওয়ায় অনেকের স্বাভাবিক কর্মতৎপরতা ব্যাহত হচ্ছে। এতে দৈনিক আয় নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন শ্রমজীবীরা। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে নামতে হচ্ছে তাদের।

এদিকে তাপমাত্রার পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। তাপমাত্রা আরও কমলে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে শিশু, প্রবীণ ও শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে রোগীরা আসছেন বলে জানা গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়ছে। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!