ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মুক্তি পেল কীর্তি-রাধিকার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘আক্কা’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪৫, ৩১ অক্টোবর ২০২৬
মুক্তি পেল কীর্তি-রাধিকার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘আক্কা’
ছবি: সংগৃহীত

ক্ষমতার লড়াই ও নারীকেন্দ্রিক গ্যাংস্টার কাহিনি আর সহিংসতার আবহ নিয়ে নির্মিত সিরিজ ‘আক্কা’ অবশেষে মুক্তি পেয়েছে। তবে নেটফ্লিক্সে আসার আগে প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়েছে কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে অভিনীত এই সিরিজটিকে।

অতিরিক্ত সহিংসতা কমাতে বেশ কিছু দৃশ্য সম্পাদনা এবং নতুন করে শুটিং করতে হয়েছিল নির্মাতাদের। ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ধামারাজ শেট্টি পরিচালিত ও চিত্রনাট্য রচিত ক্রাইম ড্রামা সিরিজটি। ২০২৪ সালে এর প্রধান চিত্রগ্রহণ শেষ হলেও নানা কারণে দর্শকের সামনে আসতে সময় লেগেছে।

১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি ‘আক্কা’র গল্পের পটভূমি কাল্পনিক শহর পেরনুরু। সেখানে মাতৃতান্ত্রিক সমাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন ভবানী। চরিত্রটিতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। তার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে শহরে হাজির হয় বহিরাগত রুদ্র। এই চরিত্রে দেখা গেছে রাধিকা আপ্তেকে। এরপরই শুরু হয় সংঘাত ও ক্ষমতার লড়াই।

ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিরিজটির গল্পে অ্যাকশন ও সহিংসতা গুরুত্বপূর্ণ অংশ। তবে শুরুতে এর দৃশ্যায়ন ছিল বেশ রক্তাক্ত ও নির্মম। পরে নির্মাতারা মনে করেন, কিছু দৃশ্যের নিষ্ঠুরতা কমানো প্রয়োজন। সে অনুযায়ী বেশ কিছু সহিংস দৃশ্য ও অশালীন সংলাপ বাদ দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি দৃশ্য নতুন করে ধারণ করা হয়।

এ বিষয়ে মিড-ডেকে একটি সূত্র জানায়, পিরিয়ড ক্রাইম ড্রামাটির গল্প ছিল একদল সাহসী ও নির্মম নারীর জীবন ঘিরে। শুরুতে এর দৃশ্যায়ন ছিল বেশ রক্তাক্ত। তবে ধারণ করা দৃশ্যগুলো দেখার পর নির্মাতারা মনে করেন, সহিংসতার মাত্রা কিছুটা কমানো যেতে পারে। তাই কয়েকটি সহিংস দৃশ্য ও অশালীন সংলাপ বাদ দেওয়া হয়। কিছু অংশ নতুন করে শুটিং করা হয়, যাতে গল্পটি আরও পরিপূর্ণ হয় এবং আবেগের জায়গাটিও গুরুত্ব পায়।

সূত্রটি আরও জানায়, দর্শকের অনুভূতি ও সংবেদনশীলতার বিষয়টি বিবেচনা রেখেছে ওয়াইআরএফ ও নেটফ্লিক্স। অ্যাকশন দৃশ্যের ক্ষেত্রে কতটুকু সহিংসতা গ্রহণযোগ্য, সেটিও গুরুত্ব পেয়েছে। তবে গল্পের শক্তিশালী দিকগুলো অক্ষুণ্ন রাখার বিষয়ে নির্মাতারা সচেতন ছিলেন। তাই একদিকে সহিংসতা কমানো হয়েছে, অন্যদিকে গল্পের প্রয়োজনে থাকা লড়াই ও সংঘাত রাখা হয়েছে।

দুই বছর বিলম্বের পেছনে আরও একটি কারণ ছিল সিরিজটির বিশাল নির্মাণপরিসর। সূত্রের ভাষ্য, এত বড় প্রকল্প বাস্তবায়নে সৃজনশীল পরিকল্পনা থেকে শুরু করে নির্মাণের বিভিন্ন ধাপ সম্পন্ন করতে সময় প্রয়োজন হয়। ‘আক্কা’ও বড় পরিসরে নির্মিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!