পাসপোর্ট পেতে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না ব্রিটিশ বাংলাদেশিদের
ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্ট আবেদনে এখন থেকে আর দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন পড়বে না। মঙ্গলবার লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্মারকে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশি নাগরিকসহ দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম পর্যন্ত বাংলাদেশি নাগরিকত্ব বহাল থাকবে। ফলে তাদের বাংলাদেশি পাসপোর্ট পেতে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন নেই।
এতে বলা হয়, দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা শুধুমাত্র জন্মনিবন্ধন সনদ এবং পিতা-মাতার বাংলাদেশি পাসপোর্টের ভিত্তিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবেন।
.png)
এর আগে, বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ব্রিটিশ-বাংলাদেশি দ্বৈত নাগরিকদের সন্তানদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ বাধ্যতামূলক ছিল।
এর ফলে সৃষ্ট দীর্ঘসূত্রিতার কারণে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ হাই কমিশন লন্ডন সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠায় এবং যোগাযোগ অব্যাহত রাখে। এর ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৮ ডিসেম্বর ওই স্মারক ইস্যু করে।