ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

প্রবাসীদের সহিংসতায় না জড়ানোর আহ্বান মালয়েশিয়া আওয়ামী লীগের

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২৫ জুলাই ২০২৪
প্রবাসীদের সহিংসতায় না জড়ানোর আহ্বান মালয়েশিয়া আওয়ামী লীগের
ছবি: সংগৃহীত

প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের ইস্যু নিয়ে প্রবাসে কোনো ধরনের আন্দোলন অথবা অপপ্রচার না করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

বুধবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা এ আহ্বান জানান।

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট অস্থিরতা এখনো পুরোপুরি কাটেনি। তাই প্রবাসে কোনো ধরনের আন্দোলন অথবা অপপ্রচার করে দেশটির আইনি জটিলতায় না জড়ানোর আহ্বান জানায় দলটি।

Advertisement

এ সময় নেতারা বলেন, বিদেশের মাটিতে সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার স্বার্থে যে যেখানে অবস্থান করছেন, সে দেশের আইন ও নিয়ম মেনে চলাই ভালো। এরই মধ্যে দুবাইতে বিক্ষোভ করার দায়ে ৫৭ জন বাংলাদেশির সাজা হয়েছে।

নেতারা বলেন, বাংলাদেশের কোনো ইস্যু নিয়ে প্রবাসের মাটিতে আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন থেকে সবাইকে বিরত থাকতে হবে। কারণ মালয়েশিয়ার নাগরিকরা ভিনদেশিদের এসব বিক্ষোভ-আন্দোলন ভালো চোখে দেখেন না। তাছাড়া দেশটিতে বিদেশি নাগরিকদের আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দাতোশ্রী কামরুজ্জামান কামাল, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি কাইয়ুম সরকার, দাতো আকতার হোসেন, মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান সরকার, এ আর মো. মামুন, এম এম রোসি, আউয়াল রুম্মান, তারেক চৌধুরী, আনিছুর রহমান রিপন, মওদুদ মোল্লা, এইচ এম জুয়েল প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!