ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

শুভ জন্মদিন ‘সাকিব আল হাসান’

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:০১, ২৪ মার্চ ২০২২
শুভ জন্মদিন ‘সাকিব আল হাসান’
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

একজন বাংলাদেশী ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটে যাকে সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটার ভাবা হয়। তার রেকর্ড, অর্জনের কারণে এর সঙ্গে দ্বিমত পোষণ করবেন খুব কম মানুষই। দুর্দান্ত ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং, সঙ্গে অসাধারণ ফিল্ডিং সব মিলিয়ে আক্ষরিক অর্থেই মাঠের অলরাউন্ডার তিনিই। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এ সময়ের বিশেষ একজন অলরাউন্ডারদের তিনিই। তিনি সাকিব আল হাসান। আজ তার জন্মদিন। 

৩৪ পার করে ৩৫ বছরে পা দিলেন সাকিব আল হাসান। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা সাকিব আল হাসানের বাবার নাম মাশরুর রেজা। তিনি ছিলেন ফুটবল ভক্ত। খেলতেন জেলার বিভিন্ন লিগে। বাবার পছন্দের বিপরীতে ছেলে হলেন ক্রিকেটার। আর মাতা শিরিন শারমিন একজন গৃহিণী।

২০০৫ সালে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ৮৬ বলে সেঞ্চুরি করে ও তিনটি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন সাকিব। ২০০৬ সালের জিম্বাবুয়ে সফরে সাকিব প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পান। ওয়ানডে অভিষেকের পরের বছরই ভারতের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে অভিষেক হয় সাকিবের। সাকিব আল হাসানের অভিষেক ২০০৬ সালের ৬ আগস্ট, জিম্বাবুয়ের সফরের ওয়ানডেতে। ২০০৭ সালে মে মাসে চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। 

Advertisement

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ক্রিকেট ইতিহাসেই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ধরনের ক্রিকেটে একই সময়ে এক নম্বরে থাকা একমাত্র ক্রিকেটার তিনি। ২০১৫ সালে সাকিব এই কৃতিত্ব প্রথম করে দেখান। সাকিব নিজে নিজের এই কৃতিত্ব আবার করে দেখিয়েছেন, যা আর কোনো দেশের ক্রিকেটার পারেননি। আরেকটি অলরাউন্ড কৃতিত্বে সাকিব অনন্য হয়ে আছেন। ২০১৭ সালের অক্টোবরে ওয়ানডেতে ৫ হাজার রান ও ২০০ মাইলফলক স্পর্শ করেন। মাত্র ১৭৮টি ওয়ানডে লেগেছে তার। 

এত দ্রুত এই কৃতিত্ব আর কেউ করতে পারেনি। সাকিব টেস্ট ইতিহাসে তিন অলরাউন্ডারের একজন, একই ম্যাচে সেঞ্চুরি আর ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে যাদের। বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেট সাকিবের। 

দ্রুতই বাংলাদেশের ক্রিকেটের প্রাণ হয়ে ওঠেন সাকিব। অবশ্য বাংলাদেশের ক্রিকেটের বড় তারকার পদধ্বনি শোনা যাচ্ছিল তার উঠতি বয়স থেকে। খেলা পাগল সাকিবকে বিকেএসপিতে (বাংলাদেশে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান) ভর্তি করিয়ে দেন তার বাবা। কারণ বাবা যে নিজেই ফুটবলার ছিলেন। 

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ক্রীড়া-পাগল এক পরিবার থেকে উঠে এলেও সাকিবের খেলোয়াড় হতে চাওয়া সহজ ছিল না। নতুন সহস্রাব্দের শুরুতেও খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারার কথা মধ্যবিত্ত পরিবারের অনেকে ভাবতে পারতেন না। সেখান থেকে একে একে সাফল্যের সিঁড়ি ভেঙে সাকিব বাংলাদেশের সবচেয়ে দামি তারকার একজন হয়ে উঠেছেন। আইপিএলের মতো টি-টোয়েন্টি লিগের সেরা তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ২০১১ সালে ৪ লাখ ২৫ হাজার ডলারে সাকিবকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। 

২০১৮ আইপিএলের নিলামে সাকিবকে ২ কোটি রুপিতে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ছাড়াও সাকিব অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তানের পিএসএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, শ্রীলঙ্কার এসএলপিএল লিগগুলোতে খেলেছেন। এর মধ্যে সিপিএলে তার ৬ রানে ৬ উইকেট টি-টোয়েন্টির সেরা বোলিংগুলোর একটি হয়ে আছে। সাকিব ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও খেলেছেন। এভাবেই বাংলাদেশের এ সময়ের সেরা আইকনদের একজন সাকিব বিশ্ব ক্রিকেটেও বাংলাদেশের প্রতিনিধি হয়ে ওঠেন।

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

২০০৯ সালে সাকিব প্রথম ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। সাকিবের নেতৃত্বে সেবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে আসে। ২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপেও সাকিব নেতৃত্ব দেন। পরে নানা বিতর্কের মুখে সাকিব নেতৃত্ব হারান। সাকিব তার ক্যারিয়ারে বিতর্কেও জড়িয়েছেন নানা সময়ে। বিভিন্ন মেয়াদে নিষিদ্ধও হয়েছেন। 

২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন। ২০১১ সালে ইংল্যান্ডের উস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের সঙ্গে শিশিরের পরিচয় হয়। ঢাকার হোটেল রূপসী বাংলায় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি দুইটি কন্যা সন্তান ও এক পুত্র সন্তানের জনক। ২০১৫ সালে সাকিব ও শিশিরের মেয়ে আলায়না হাসান অব্রি জন্ম নেয়। ছোট মেয়ের নাম ইররাম। ছেলের নাম ইজাহ আল হাসান। ২০২১ সালের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান।

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

শিক্ষাগত জীবনে সাকিব এআইইউবি (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ) থেকে বিবিএ পাস করেছেন। সাকিব ফুটবলেরও ভীষণ পাগল। বার্সেলোনা ও লিওনেল মেসির সমর্থক। 

সাকিবের সব অর্জন তাকে করে তুলেছে জনপ্রিয়। তাইতো সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারসহ নানা মাধ্যমে সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে অগনিত ভক্তরা। সেসব শুভেচ্ছায় লেখা হয়েছে, শুভ জন্মদিন প্রিয় ‘সাকিব আল হাসান’।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!