ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

বাংলায় ঈদ উদযাপন শুরু কবে থেকে?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ৮ জুলাই ২০২২
বাংলায় ঈদ উদযাপন শুরু কবে থেকে?
ফাইল ফটো

ঈদ মানে আনন্দ। মুসলিম বিশ্বের অভিন্ন আনন্দের উপলক্ষ এনে দেয় ঈদ। হজরত মুহাম্মদ (সা:) ঈদের দিন গোসল করে উত্তম পোশাক পরে নামাজ পড়তে যেতেন। সে সময়ও ঈদের নামাজের পর মিষ্টি দ্রব্য খাওয়া এবং আত্মীয়, প্রতিবেশী বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের রেওয়াজ ছিল। প্রশ্ন হচ্ছে, বাংলায় ঈদ উদযাপন কেমন ছিলো? এর উত্তর মিলবে ইতিহাস বাংলায় ঈদ উদযাপন শুরু হলো কবে থেকে?

উনিশ শতকের শুরুতে এ অঞ্চলে মুসলমানের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ঈদ যেমন ব্যাপক উৎসবের আকার পেয়েছে, এর শুরুটা হয়েছিল ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র হবার পর- যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে আরো বিস্তৃতি পেয়েছে।

ইতিহাসবিদের মতে দেড়শ' বছর আগেও বাংলা অঞ্চলে সাধারণের মধ্যে ঈদ তেমন বড় কোনো উৎসব ছিল না। ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর সময় বঙ্গে উৎসব করে ঈদ উদযাপনের চল শুরু হয়। তার আগে এখানে মুসলমান ছিলেন অনেক। কিন্তু তাদের রীতি-নীতির মধ্যে লোকায়ত ধর্মের মিল ছিল বেশি। যে কারণে ঐ সময়ে ঈদ উদযাপনের খুব বেশি তথ্য পাওয়া যায় না।

Advertisement

মুঘলরা ঢাকায় এসেছিল ১৬১০ সালে। তখন তাদের পাঠানো নায়েব-নাজিমরা ঈদ উদযাপন করতেন। ঈদ তাদের নিজেদের মধ্যেই আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হতো। সাধারণ মানুষের তাদের সঙ্গে সংযোগ ছিল না। ঈদের চাঁদ উঠলে আনন্দ-উৎসব শুরু করতেন তারা। সেই সময় কামান দাগা হত। ঈদের দিন তারা একসঙ্গে নামাজ পড়তেন। নামাজ পড়ে ফেরার পথে হাতি বা ঘোড়ার পিঠ থেকেসাধারণ মানুষের দিকে পয়সা ছুঁড়ে দেবার রেওয়াজ চালু করেছিলেন তারা। 

দিল্লির মুঘলদের অনুকরণে ঢাকায় ঈদের মিছিল হতো। মুঘলদের তৈরি ঈদের একটা প্রতীক এখনো ঢাকায় আছে, সেটি হচ্ছে ধানমন্ডি ঈদগাহ। সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে গ্রামাঞ্চলে রোজা বা ঈদ উদযাপনের তেমন চল ছিল না, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না । মসজিদের সংখ্যাও সে সময়ে কম ছিল।

১৮৮৫ সালে ঐতিহাসিক জেমস ওয়াইজের লেখা উল্লেখ আছে, সেই সময় গ্রামাঞ্চলে ঈদের উদযাপন একেবারে কম ছিল- এমনকি অনেক জায়গায় ঈদের নামাজ কীভাবে পড়তে হয়, তা-ও অনেকে সঠিকভাবে জানতেন না। ঈদ উদযাপনের কেন্দ্র ছিল ঢাকা। আনুষ্ঠানিকতার প্রায় পুরোটাই ছিল ঢাকা-কেন্দ্রীক।

দিন দিন ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান যেমন বেড়েছে, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এসেছে, তেমনি ঈদ উদযাপনের পরিধিও বেড়েছে। বর্তমানে ঈদ দেশজুড়ে বড় একটি উদযাপনে পরিণত হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঈদ
লিংক সফলভাবে কপি হয়েছে!