জেন-জির অনিশ্চিত সম্পর্ক- মেবিলেশনশিপ
কথা হয় নিয়মিত, একসঙ্গে সময় কাটাতেও ভালো লাগে। একজনের বার্তার অপেক্ষায় থাকে অন্যজন, ছোট ছোট ঘটনাও ভাগ করে নিতে ইচ্ছে করে। সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা আছে, অনুভূতি আছে—শুধু নেই কোনো স্পষ্ট পরিচয়। একজন হয়তো ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, অন্যজন এখনও সিদ্ধান্তহীন। সম্পর্কটা প্রেম, নাকি শুধুই সম্ভাবনা—উত্তর মেলে না।
জেন-জির সম্পর্কবিষয়ক আলোচনায় এমন অনিশ্চিত অবস্থাকে বলা হয় ‘মেবিলেশনশিপ’ (Maybelationship)। ইংরেজি ‘মেবি’ (Maybe)—অর্থাৎ ‘হয়তো’ এবং ‘রিলেশনশিপ’ (Relationship)—অর্থাৎ ‘সম্পর্ক’ শব্দের মিশেলে তৈরি এই নাম। ভালো লাগা আছে, সম্পর্কের সম্ভাবনাও আছে, কিন্তু প্রতিশ্রুতি কিংবা ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেই।
কারা জড়িয়ে পড়েন মেবিলেশনশিপে?
- যাঁরা আবেগগত ঘনিষ্ঠতা চান, অথচ প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়ানোর বিষয়ে দ্বিধায় থাকেন, তাঁরা এমন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
কেউ অতীতের সম্পর্কের আঘাত কাটিয়ে উঠতে সময় নেন, কেউ ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন গুছিয়ে নিতে চান, আবার কেউ প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে মনের কথা প্রকাশ করতে পারেন না। কখনো একজন সম্পর্ককে পরিণতির দিকে নিতে চান, অথচ অন্যজন বর্তমানের ঘনিষ্ঠতায় স্বচ্ছন্দ থাকেন। ফলে একজনের কাছে সম্পর্কটি হয়ে ওঠে ভবিষ্যতের স্বপ্ন, অন্যজনের কাছে অনিশ্চিত এক সম্ভাবনা। তবে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয়; পরিস্থিতি, মানসিক প্রস্তুতি ও প্রত্যাশার অমিল থেকেও এমন সম্পর্ক তৈরি হতে পারে।
মেবিলেশনশিপ কেন তৈরি হয়?
- প্রতিশ্রুতি ও দায়িত্বের ভয়।
- অতীতের সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা।
- ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।
- প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা।
- দুজনের চাহিদা ও প্রত্যাশার অমিল।
মেবিলেশনশিপের লক্ষণ -
- সম্পর্কের পরিচয় অস্পষ্ট থাকা। ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট আলোচনা না হওয়া।
- কখনো ঘনিষ্ঠতা, কখনো দূরত্ব। একজনের গভীর আবেগ, অন্যজনের অনীহা। প্রতিশ্রুতি ছাড়া দীর্ঘদিন অপেক্ষায় থাকা।
- ডিজিটাল যোগাযোগের যুগে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি করা সহজ হলেও সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সব সময় সহজ নয়।
মেবিলেশনশিপ বনাম সিচুয়েশনশিপ: পার্থক্য কোথায়?
- মেবিলেশনশিপ (Maybelationship) ও সিচুয়েশনশিপ (Situationship)—দুটির মধ্যে মিল থাকলেও অনিশ্চয়তার ধরনে কিছুটা পার্থক্য রয়েছে। তবে বাস্তব জীবনে এদের সীমারেখা সব সময় পরিষ্কার নয়।
- মেবিলেশনশিপে মূল প্রশ্ন হলো, ভালো লাগা কি ভবিষ্যতে প্রেমের সম্পর্কে রূপ নেবে, নাকি ‘হয়তো’-তেই আটকে থাকবে?
অন্যদিকে,
- সিচুয়েশনশিপে দুজনের মধ্যে রোমান্টিক বা আবেগগত ঘনিষ্ঠতা থাকতে পারে, কিন্তু সম্পর্কের পরিচয়, প্রতিশ্রুতি ও প্রত্যাশা স্পষ্ট নয়।
- মূল পার্থক্য: মেবিলেশনশিপে প্রশ্ন— সম্পর্কটি কি প্রেমে রূপ নেবে? আর সিচুয়েশনশিপে প্রশ্ন— চলমান সম্পর্কটির প্রকৃত পরিচয় কী?
অনিশ্চয়তার মানসিক চাপ
- মেবিলেশনশিপের সবচেয়ে কঠিন দিক হলো—আবেগ বাড়ে, অথচ নিশ্চয়তা আসে না। একটি বার্তায় আনন্দ, সামান্য দূরত্বে দুশ্চিন্তা, আর ভবিষ্যৎ নিয়ে নীরবতায় জন্ম নেয় অসংখ্য প্রশ্ন—‘সে কি সত্যিই ভালোবাসে?’ ‘সম্পর্কটা কি কখনো পূর্ণতা পাবে?’
এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে মানসিক ক্লান্তি, উদ্বেগ ও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হতে পারে।
বিশেষ করে একজন যখন গভীরভাবে আবেগ বিনিয়োগ করেন, অথচ অন্যজন নিজের অবস্থান স্পষ্ট করেন না, তখন সম্পর্কটি ভারসাম্য হারায়। ধীরে ধীরে নিজের মূল্যবোধও অন্যের মনোযোগ ও আচরণের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে।
অনিশ্চিত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথ
- সমাধান অন্যের মন পড়ার চেষ্টা নয়, বরং খোলামেলা আলোচনা। সম্পর্কটি কোন দিকে এগোচ্ছে, দুজনের প্রত্যাশা কী—সরাসরি তা জানা জরুরি। কথার পাশাপাশি আচরণও লক্ষ করা দরকার। শুধু ভবিষ্যতের আশ্বাস নয়, সম্পর্ক গড়ে তোলার বাস্তব আগ্রহ ও ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ।
কাউকে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেওয়া ঠিক নয়। তবে নিজের জীবনকে অনির্দিষ্ট অপেক্ষায় আটকে রাখাও সমাধান নয়। অন্যজনের সিদ্ধান্তহীনতা ব্যক্তিগত অযোগ্যতার প্রমাণ নয়; কখনো অনুভূতি থাকলেও প্রত্যাশা ও মানসিক প্রস্তুতির মিল থাকে না।
মেবিলেশনশিপ প্রেমে পরিণত হতে পারে, আবার একসময় হারিয়েও যেতে পারে। সব ভালো লাগার পরিণতি প্রেম নয়, আর সব অনিশ্চয়তার পরিণতি বিচ্ছেদও নয়। তবে একটি সুস্থ সম্পর্কের জন্য শুধু আকর্ষণ যথেষ্ট নয়—প্রয়োজন স্পষ্টতা, পারস্পরিক সম্মান এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা।
‘হয়তো’ দিয়ে সম্পর্কের শুরু হতে পারে, কিন্তু অনন্তকাল ‘হয়তো’-র ওপর ভর করে ভালোবাসা টিকিয়ে রাখা কঠিন।
লেখক : ডাঃ এম আর করিম রেজা, চিকিৎসক ও সমাজকর্মী