ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

টুইটার কিনতে কত টাকা ব্যয় করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২, ২৬ এপ্রিল ২০২২
টুইটার কিনতে কত টাকা ব্যয় করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিচ্ছেন মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। 

সোমবার (২৫ এপ্রিল) এক ঘোষণায় টুইটার জানিয়েছে, ইলন মাস্কের দেওয়া ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় তিন লাখ ৭৯ হাজার ৩৯১ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে টুইটার কিনছেন বিশ্বের শীর্ষ এ ধনী। 

দুই সপ্তাহ আগেই ইলন মাস্ক মন্তব্য করেছিলেন, টুইটারে অসাধারণ সম্ভাবনা রয়েছে, তিনি তা উদ্ঘাটন করবেন। তিনি টুইটারে কন্টেন্ট রেস্ট্রিকশন ও ফেক অ্যাকাউন্ট নির্মূলে ধারাবাহিক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। 

Advertisement

কিছুদিন আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনেন ইলন মাস্ক। তখন থেকেই গুঞ্জন ছিল, তিনি পুরো টুইটার কিনে নেবেন। এবার সেই গুঞ্জন সত্যি হলো।  

টুইটার প্রাথমিকভাবে ইলন মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তবে শেষ পর্যন্ত চুক্তি করায় এখন বিষয়টির অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের ভোট নেয়া হবে। 

এদিকে টুইটার কিনে নিতে ইলন মাস্কের চুক্তির খবরে শেয়ারবাজারে কিছু সময় কোম্পানিটির লেনদেন বন্ধ থাকে। পরে পুনরায় লেনদেন চালু হলে শেয়ারের দাম ৬ শতাংশ বৃদ্ধি পায়।

ফোর্বসের তথ্য অনুযায়ী ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ আনুমানিক ২৭৩.৬ বিলিয়ন ডলার। তিনি গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ছাড়াও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালনা করছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!