জল্পনা-কল্পনার অবসান, টুইটার কিনলেন ইলন মাস্ক
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘টুইটার’ কিনে নিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে তার খরচ পড়েছে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। এবার পুরো মালিকানাই তার দখলে।
টুইটার কেনার ঘোষণার পর এক বিবৃতিতে ইলন মাস্ক বলেন, ‘বাকস্বাধীনতা একটি কার্যকর গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে। টুইটার হলো সেই ডিজিটাল টাউন স্কয়ার, যেখানে মানুষের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।’
.png)
এর আগে মার্কিন ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার প্রস্তাবকে ‘সেরা ও চূড়ান্ত’ বলে অভিহিত করেন।

এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছিল, টুইটার সাধারণ শেয়ার মালিকদের ৫৪ ডলার ২০ সেন্ট দামে শেয়ার বিক্রির পরামর্শ দিতে পারে। আর এই ঘোষণা সোমবারেই দিতে পারে টুইটারের পরিচালনা পর্ষদ। এরপর পুরো মালিকনা কিনে নেওয়ার খবর এলো।
ইলন মাস্ক টুইটারের বিভিন্ন ধরনের নীতির সমালোচক। তিনি এ প্রতিষ্ঠানটিকে ‘নিরঙ্কুশ বাক স্বাধীনতার’ প্ল্যাটফর্ম হতে হবে বলে মন্তব্য করেছিলেন। টেসলার সিইও আগেই বলেছিলেন, বাকস্বাধীনতার জন্য প্রকৃত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে এবং এর পরিসর বাড়াতে টুইটারকে ব্যক্তিগতভাবে কিনে নেওয়া দরকার।
টুইটারকে অধিগ্রহণ করার মাত্র চারদিন আগে একটি অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। তার ওই প্রস্তাবের পর টুইটারে নির্বাহী পর্ষদ এটি নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা শুরু করে।