ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিশাল পদযাত্রার ডাক আল সাদরের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৯, ১৫ জানুয়ারি ২০২০
মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিশাল পদযাত্রার ডাক আল সাদরের
ছবি: সংগৃহীত

ইরাক থেকে মার্কিন সেনাদের বহিষ্কারে ১০ লাখ লোকের দীর্ঘ পদযাত্রার ঘোষণা দিয়েছেন দেশটির শিয়া নেতা মুক্তাদা আল সাদর। ইরাকের পার্লামেন্টে বিদেশী সেনাদের বহিষ্কার করার পক্ষে ভোট গ্রহণের ঠিক কয়েকদিন পরেই এই ঘোষণা দিলেন তিনি। 

সাইরুন রাজনৈতিক দলের নেতৃত্বদানকারী এই নেতা এক টুইটার পোস্টে এ পদযাত্রার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দখলদার সেনাদের কারণে প্রতিনিয়ত ইরাকের আকাশ, মাটি দূষিত হচ্ছে ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে।
 
মার্কিনিদের উপস্থিতির নিন্দা জানিয়ে দেশবাসীকে দলবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, একীভূত বিক্ষোভ করতে বলেছেন সাদর। তবে এই পদযাত্রার কোনো তারিখ ও স্থান নির্ধারণ করেননি তিনি। 

এর আগে গত ৫ জানুয়ারি ইরাকের পার্লামেন্টে একটি রেজুলেশন পাশ করা হয় যেখানে দেশটির সরকারকে বিদেশী সেনাদের বহিষ্কার ও মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছ থেকে কোনো ধরনের সাহায্যের অনুরোধ বাতিল করতে বলা হয়।  

Advertisement

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসকে হত্যার পরেই ইরাকের পার্লামেন্টে এই ভোট গ্রহণ করা হয়।  তবে ইরাকি পার্লামেন্টে পাস হওয়া সেনা প্রত্যাহারের এই বিলটিকে ‘দুর্বল’ পদক্ষেপ বলে সমালোচনা করেছেন মুক্তাদা সাদর। 

সূত্র- আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!