বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল থমাস ক্যাম্পবেল এই সংখ্যা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মার্কিন সেনাদের চিকিৎসা সংক্রান্ত সব খবর জনগণকে জানানোর প্রতিশ্রুতি রক্ষা করে যাবে পেন্টাগন।
এ নিয়ে চতুর্থবারের মতো ইরানি হামলায় আহত সেনা সংখ্যা বাড়ানো হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে হামলায় হতাহতের কথা অস্বীকার করলেও পরবর্তীতে ১১ জন সেনা আহতের কথা স্বীকার করে পেন্টাগন। গত ২১ জানুয়ারি জানানো হয় ইরানি হামলায় ৩৪ মার্কিন সেনা মস্তিস্কে আঘাত পেয়েছে। এরপর ২৮ জানুয়ারি সে সংখ্যা বাড়িয়ে ৫০ জনের চিকিৎসা নেয়ার খবর প্রকাশ করা হয়।
.png)
গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। সে হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। সেসব ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে নি মার্কিন সেনারা। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে। কিন্তু তখন কোনো হতাহতের কথা স্বীকার করেনি যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী আহত সেনার সংখ্যা ১১ থেকে ৩৪ জন এরপর ৫০ জনে এবং এখন ৬৪ জনে উন্নীত হওয়ায় হতাহতের সংখ্যা সম্পর্কে ইরানের ঘোষণাই বদ্ধমূল হতে শুরু করেছে পর্যবেক্ষকদের মনে।
সূত্র- পার্সটুডে