ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ২৫ জানুয়ারি ২০২১
করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট
ছবি: আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

এক টুইট বার্তায় ৬৭ বছর বয়সী লোপেজ জানান, তার লক্ষণগুলো মৃদু এবং রোগ নির্ণয়ের ব্যাপারে তিনি ‘আশাবাদী’ ছিলেন।

মেক্সিকোতে সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার মধ্যেই প্রেসিডেন্টের আক্রান্তের খবর এলো। দেশটিতে প্রায় দেড় লাখ মানুষ করোনায় মারা গেছে।

Advertisement

লোপেজ ওব্রাদর জানিয়েছেন, বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন তিনি, এখান থেকেই রাশিয়ার তৈরি একটি করোনাভাইরাস টিকা পাওয়া নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

এর আগে রোববার সকালে মেক্সিকোর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার দুই নেতা টেলিফোন কলে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্পুটনিক ভি টিকার সম্ভাব্য সরবরাহ নিয়ে আলোচনা করবেন।  

গত বছর লোপেজ ওব্রাদর জানিয়েছিলেন, রাশিয়ার তৈরি টিকা কার্যকর বলে প্রমাণ হলে তিনি এর এক কোটি ২০ লাখ ডোজ সংগ্রহ করার চেষ্টা করবেন।

মেক্সিকো এখনও এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়নি, কিন্তু ফাইজার-বায়োএনটেকের সরবরাহে দেরির মধ্যেই কর্মকর্তারা দেশের ১২ কোটি ৮০ লাখ মানুষকে টিকা কর্মসূচী আওতায় আনার জন্য এর সম্প্রসারণ করতে চাইছেন। 

স্পুটনিক ভি ইতোমধ্যেই ব্রাজিল, আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে হাঙ্গেরি চলতি সপ্তাহে এ টিকা অনুমোদনের সবুজ সংকেত দিয়েছে।

এক সংবাদ ব্রিফিংয়ে মেক্সিকোর উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা হোসে লুইস আলোমিয়া দেগারা জানিয়েছেন, প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের শরীরিক অবস্থা স্থিতিশীল আছে।

‘একদল বিশেষজ্ঞ চিকিৎসক’ প্রেসিডেন্টের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন বলেও জানিয়েছেন তিনি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে মেক্সিকোতে এ পর্যন্ত ১৭ লাখ ৫০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত এদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে বলে দেশটি নিশ্চিত করেছে। মৃত্যুর সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত মেক্সিকোর চেয়ে এগিয়ে আছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!