ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনা মোকাবিলায় ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: ডা. ফাউসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ২৬ জুলাই ২০২১
করোনা মোকাবিলায় ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: ডা. ফাউসি
ছবি: ডা. অ্যান্থনি ফাউসি

করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে বলে মনে করছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ডা. অ্যান্থনি ফাউসি।

রোববার সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারের উচিত গণটিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। পাশাপাশি তিনি আরও বলেন, মাস্ক পরা বিষয়ক বিধিনিষেধ শিথিলের সময় এখনও আসেনি যুক্তরাষ্ট্রে।

সাক্ষাৎকারে ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ ‘টিকা না পাওয়া লোকজনের মধ্যে মহামারী আকার ধারণ করছে।’

Advertisement

যেসব এলাকায় টিকা দেওয়ার হার কম সেসব জায়গায় এই ভাইরাসের ডেল্টা ধরনের কারণে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।

সরকারি হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১৬ কোটি ২৭ লাখ মানুষকে টিকার দুটি ডোজ দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৪৯ শতাংশ। 

গত এপ্রিল পর্যন্ত টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বে এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় ছিল যুক্তরাষ্ট্রে। এরপর থেকেই সেখানে টিকা দেওয়ার হার কমতে থাকে।

বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে টিকা দেওয়ার হার বেশ কম। কিছু কিছু ক্ষেত্রে এসব রাজ্যের বাসিন্দাদের অর্ধেকেরও কম টিকার প্রথম ডোজ পেয়েছেন।

যুক্তরাষ্ট্রে গত মে এবং জুন মাসে দৈনিক শনাক্তের হার কমে আসলেও তা আবারও বাড়তে শুরু করে। এরই মধ্যে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যা ছয় লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের অতিসংক্রামক ‘ডেল্টা ধরনের’ কারণে আক্রান্তের এই ঊর্ধ্বগতি দেখা গেছে। ফ্লোরিডা, টেক্সাস এবং মিসৌরির মতো টিকা দেওয়ার হার যে সব রাজ্যে কম সেখানেই সংক্রমণ বাড়ছে।

এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মূর্তি জানান, কোভিড আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের ৯৯ দশমিক ৫ শতাংশ ছিলেন টিকার বাইরে।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ড. ফাউচি বলেছেন, টিকা দেওয়ার হার কম এমন এলাকার স্থানীয় নেতাদের উচিত লোকজনকে টিকা দেওয়ার জন্য উৎসাহিত করা।

সিডিসি’র সমালোচনা

যুক্তরাষ্ট্রের ওষুধ ও চিকিৎসাবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা সিডিসি (সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল) সম্প্রতি মাস্ক পরা বিষয়ক বিধিনিষেধ খানিকটা শিথিল করেছে। এক বিবৃতিতে সিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যারা করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন, তাদের জন্য মাস্ক পরা ‘আবশ্যিক’ নয়।

সাক্ষাৎকারে এই নির্দেশনারও সমালোচনা করেছেন ডা. ফাউসি। এ সম্পর্কে তিনি বলেন, ‘করোনার অতিসংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবে যুক্তরাষ্ট্রে সম্প্রতি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং গবেষণায় ইতোমধ্যে প্রমাণিত হয়েছে- মূল করোনাভাইরাসের তুলনায় এটি ৬০ শতাং বেশি সংক্রামক ও অনেক সময় টিকার ডোজকে ফাঁকি দিতে সক্ষম।’

‘এ কারণে, যতদিন সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হচ্ছে, ততদিন অন্যান্যরা তো বটেই, যারা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন, তাদেরও নিয়মিত মাস্ক পরা উচিত। আমার মতে, সিডিসির উচিত মাস্ক পরা বিষয়ক তাদের সাম্প্রতিক নির্দেশনা পুর্নমূল্যায়ন করা।’

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!