শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের একটি ঝরনায় এ ঘটনা ঘটে। ব্রাজিলের অগ্নিনির্বাপণ দফতরের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।
আরো পড়ুন: শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
.png)
কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের মিনাস গেরায়িস প্রদেশের ক্যাপিটলীয় হ্রদের একটি ঝরনার সামনে ঘুরতে যান মোটরচালিত কয়েকটি নৌকাবোঝাই পর্যটক। একপর্যায়ে ঝরনার উচুতে থাকা একটি বড় পাথরখণ্ড ভেঙে হ্রদের পানিতে থাকা বেশ কয়েকটি নৌকার ওপরে পড়লে তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি প্ল্যাটফর্মে দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বড় আকারের পাথরখণ্ড ভেঙে পড়ার সময় আতঙ্কে চিৎকার করছেন পর্যটকরা। ভিডিওতে পাথর ভেঙে পড়ে পর্যটকবোঝাই দুটি নৌকা ছিন্নভিন্ন হয়ে যেতে দেখা যায়।
ব্রাজিলীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স বলছে, দুর্ঘটনার পর এখনও ৩ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা সেখানে তল্লাশি চালাচ্ছেন। এছাড়া অন্যরা প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বড় পাথরখণ্ড ভেঙে ঝরনার পানিতে পড়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩২ জন আহত এবং আরও ২০ জন নিখোঁজ রয়েছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঝরনায় পাথর ভেঙে পড়ার ঘটনায় অনেকের শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে গেছে। এছাড়া এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মাথায় ও মুখে প্রচন্ড আঘাত পেয়েছেন। এছাড়া হালকা আহত আরও ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গত দুই সপ্তাহ ধরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের মিনাস গেরায়িস প্রদেশে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। এতে করে সেখানকার পাথরের বন্ধন অনেকটা দুর্বল হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার পাথর ভেঙে পড়ার পৃথক একটি ঘটনায় দেশটির একটি মহাসড়ক বন্ধ হয়ে যায়।