ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ২৬ জানুয়ারি ২০২২
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। যার মধ্যে ফ্রান্সে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ এতোটাই বেড়েছে যে, তা অতীতের সব রেকর্ড ভেঙেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ফ্রান্সে ৫ লাখ ১ হাজার ৬৩৫  জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারি শুরুর পর থেকে দেশটির ইতিহাসে এটি একটি রেকর্ড। ইউরোপীয় দেশগুলোর মধ্যে একমাত্র ফ্রান্সেই দৈনিক বিপুল সংখ্যক মানুষ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হচ্ছেন। গত এক সপ্তাহজুড়ে দেশটিতে প্রতিদিন গড়ে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

ফ্রান্সের সরকারি পরিসংখ্যানে বলা হচ্ছে, দেশটিতে বর্তমানে ৩০ হাজারেরও বেশি করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০২০ সালের নভেম্বর মাসের পর থেকে এই সংখ্যাটি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অবশ্য এর মধ্যে ৩ হাজার ৭০০ জনের কিছু বেশি মানুষ ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন।

Advertisement

আরো পড়ুন: মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার উন্নতি

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের কারণেই দেশটিতে সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ভ্যারিয়েন্ট অত্যন্ত সংক্রামক হলেও ডেল্টা ধরনের তুলনায় কম বিপজ্জনক।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬৪ জন। এতে করে করোনা মহামারির শুরু থেকে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনে।

করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই গত সোমবার থেকে ফ্রান্সে নতুন করোনা বিধি কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বার ও রেস্টুরেন্টে প্রবেশ এবং ট্রেন ও বিমানে ভ্রমণের জন্য মানুষকে করোনা টিকা নিতে হবে। অর্থাৎ করোনার টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল এসব সেবা নিতে পারবেন।

ফ্রান্সের মোট জনসংখ্যার ৭৭ শতাংশেরও বেশি মানুষ এখন পর্যন্ত করোনা টিকার উভয় ডোজ সম্পন্ন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!