তিউনিসিয়া উপকূলে জাহাজডুবি, ২০ অভিবাসীর মৃত্যু
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে জাহাজডুবির ঘটনায় ২০ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিউনিসিয়ার নাগরিক সুরক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় সেদিন ১২ জন হতভাগ্য শ্রমিকের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এর পর দিন পাওয়া সাগরে ভেসে উঠে আরও ৮ জনের মৃতদেহ।
সেই কর্মকর্তা বলছেন, মৃতদের মধ্যে অধিকাংশই সিরিয়ার নাগরিক। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে পালিয়ে এসে তিউনিসিয়া উপকূল হয়ে ইতালি যাচ্ছিলেন তারা।
.png)
আরো পড়ুন>> কানাডায় মসজিদে কুড়াল নিয়ে হামলার চেষ্টা
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাসে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল হয়ে ইতালি যাওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বহু মানুষের প্রাণহানির পরও সেই একই রুট হয়ে ইতালি পাড়ি দিচ্ছেন মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দারিদ্র্যপীড়িত অঞ্চলের মানুষ।
গৃহযুদ্ধ, করোনাভাইরাস মহামারিতে চরম আর্থিক সঙ্কট অথবা দুর্ভিক্ষ- এমন অনেক কারণে হতভাগ্য মানুষ দিনবদলের আশায় উপেক্ষা করছে পথের অনিশ্চয়তা। ইতালি পৌঁছে গিয়ে অনেকেই আবার ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টাও করেন।
সূত্র: রয়টার্স