ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০টিরও বেশি গাড়ির সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৪, ২৯ মার্চ ২০২২
যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০টিরও বেশি গাড়ির সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবল তুষারপাতে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ থেকে ৬০টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩ জন।

সোমবার (২৮ মার্চ) দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের শুইলকিল কাউন্টির একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন একটানা অতিরিক্ত তুষারপাতে রাস্তায় দৃশ্যমানতা ছিল না বললেই চলে। তার ফলেই মূলত স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ পাহাড়ি রাস্তায় ওই দুর্ঘটনাটি ঘটে। ৫০ থেকে ৬০টি গাড়ির মধ্যে এই সংঘর্ষ হয়, যার মধ্যে একাধিক প্রাইভেট কার ও ট্রাক ছিল। পেনসিলভেনিয়ার ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> বৈঠকের পর কিয়েভে হামলা কমানোর আশ্বাস মস্কোর

ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিপজ্জনক গতিতে একটির পর একটি গাড়ি একে অপরকে ধাক্কা মারছে। অল্প আহতদের গাড়ি থেকে কোনোমতে নেমে আসতে দেখা যায়। সংঘর্ষের ফলে বেশকিছু গাড়িতে পরে আগুন ধরে যায়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পেনসিলভেনিয়ার অন্তর্দেশীয় সড়কের ওই জায়গাটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়। দূর্ঘটনার বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!