ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন যুদ্ধে ২৩ হাজারের বেশি রুশ সেনা নিহত: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ১ মে ২০২২
ইউক্রেন যুদ্ধে ২৩ হাজারের বেশি রুশ সেনা নিহত: জেলেনস্কি
ছবি: সংগৃহীত

টানা দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে রুশ আগ্রাসন মোকাবিলায় পশ্চিমা অস্ত্র নিয়ে সাধ্যমতো প্রতিরোধ গড়ে তুলেছে কিয়েভও। এই পরিস্থিতিতে ইউক্রেনে চলমান যুদ্ধকে অর্থহীন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, অর্থহীন যুদ্ধে রাশিয়া ২৩ হাজারেরও বেশি সেনা হারিয়েছে। শনিবার দেওয়া এক ভিডিওবার্তায় এই দাবি করেন জেলেনস্কি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ভিডিওবার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, সংঘর্ষের সময় এক হাজারেরও বেশি রুশ ট্যাংক, প্রায় ২০০টি বিমান এবং প্রায় আড়াই হাজার সাঁজোয়া যান ধ্বংস করেছে ইউক্রেন। তার দাবি, সামনের সপ্তাহগুলোতে আরও হাজার হাজার রুশ সেনা নিহত হবে এবং হাজারও আহত হবে।

Advertisement

আরো পড়ুন: ইউক্রেনে আকস্মিক সফরে অ্যাঞ্জেলিনা জোলি

এদিকে রাশিয়ার বিরুদ্ধে ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরেও হামলা চালানোর অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি অভিযোগ করেন, রাশিয়ার সেনারা বারবার প্রমাণ করছে যে, সমগ্র ইউক্রেনের বাসিন্দাদের মতো ওডেসার মানুষও তাদের শত্রু। ওডেসা বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে গেছে। আমরা অবশ্যই এটি পুনর্নির্মাণ করবো। তবে ওডেসা কখনোই রুশ এই কর্মকাণ্ড ভুলে যাবে না।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরো বলেন, ইতোপূর্বে রাশিয়ার দখলদারিত্বে চলে যাওয়া এলাকাগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, রুশ দখলদারিত্ব থেকে মুক্ত করা ৯৩ শতাংশ এলাকায় ইতোমধ্যেই মানবিক ইউনিটের কাজ শুরু হয়েছে। মুক্ত ভূখণ্ডে আমরা সক্রিয়ভাবে ডি-মাইনিং বা মাইন সরানোর কাজ করছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!