ভিডিওটি ভাইরাল হওয়ার পর সৃষ্টি হয়েছে হাস্যরস। পা ধরার সেই ভিডিও দেখে নানা মন্তব্যও অবশ্য করেছেন অনলাইন ব্যবহারকারীরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, কলেজের সামনের রাস্তা দিয়ে ছুটির পর বেরিয়ে যাচ্ছেন ছাত্রীরা। এ সময় আচমকায় দুই ছাত্রীর পা জড়িয়ে ধরেন ছাত্র সংসদের ভোটে দাঁড়ানো দুই প্রার্থী। মূলত পা ধরে ভোট ভিক্ষা করছেন তারা। এ সময় ছাত্রীরা ছাড়ানোর চেষ্টা করলেও কিছুতেই তাতে রাজি হচ্ছেন না নির্বাচনে প্রার্থী হওয়া ঐ ছাত্রনেতারা। ছাত্রীদের পা ধরে রেখে সেখানে নিজেদের মাথাও স্পর্শ করছেন তারা। অন্য একজন আবার রাস্তার মধ্যেই শুয়ে পড়েছেন। রাস্তায় শুয়ে থেকে হাত জোড় করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভোট চাইছেন তিনি।
.png)
টুইটারে আনসিন ইন্ডিয়ার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক এক তরুণীর পা ধরে আছেন। একপর্যায়ে ঐ তরুণী হেসে হিন্দিতে বলেন, ‘হ্যাঁ (ভোট দেবো), তবে আগে পা ছাড়ুন’। ভিডিওর অন্যান্য দৃশ্যে তৃতীয় একজনকে রাস্তায় শুয়ে ভোট দেওয়ার অনুরোধ করতে দেখা যায়। এছাড়া ছাত্রদের পাশ দিয়ে যাওয়ার সময় অন্য একজন পুরুষ ও নারীকে হাঁটু গেড়ে ভোটের জন্য অনুরোধ করতে দেখা যায়।
ঐ ভিডিওটির ক্যাপশনে হিন্দিতে যা লেখা রয়েছে সেটিকে মোটামুটিভাবে অনুবাদ করলে যা দাঁড়ায়, সেটি হচ্ছে, রাজস্থান বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন নির্বাচনের সময় প্রার্থীরা রাস্তায় শুয়ে এবং তাদের পা ধরে ভোট চেয়েছেন। শুক্রবার এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সেটিতে এক লাখেরও বেশি ভিউ হয়।
অবশ্য ভোট চাওয়ার এ ব্যক্তিক্রমী ভঙ্গি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ বলেছেন, তারা মাটির কাছাকাছি থাকা নেতা। তাই মাটিতে লুটিয়ে পড়েছেন। কেউ আবার বলেছেন, ভোটের জন্য এখন নেতারা ছাত্রদের পায়ে পড়ছে। ভোটের পরে ছাত্র-ছাত্রীদের নেতাদের পায়ে পড়তে হবে।
অন্য একজন বলেছেন, নেতারা পায়ে পড়ে ভোট চাইছেন দেখে ভালো লাগছে। হুমকি দিয়ে ভয় দেখিয়ে তো ভোট চাইছেন না!