ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলম্বিয়ায় বিস্ফোরক হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬, ৩ সেপ্টেম্বর ২০২২
কলম্বিয়ায় বিস্ফোরক হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় ভয়াবহ বিস্ফোরক হামলায় আটজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির পশ্চিমের সান লুইস অঞ্চলে এ ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক টুইট বার্তায় এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

গুস্তাভো পেট্রোর দায়িত্ব গ্রহণের পর দেশটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এটিই বড় হামলা।

Advertisement

গত আগস্টের শুরুতে কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন গুস্তাভো পেট্রো। তিনি সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নিজের শক্ত অবস্থানের পাশাপাশি রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা ও মাদকবিরোধী ‘ব্যর্থ’ যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দেন। তবে বামপন্থিদের সরকার গঠনের এক মাস যেতে না যেতেই দেশটিতে এ ভয়াবহ মামলার ঘটনা ঘটলো।

টুইটারে পেট্রো বলেন, এসব হামলা দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট আঘাত।  এ ঘটনা তদন্তের জন্য সরেজমিনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।

স্থানীয় পুলিশ জানায়, কর্মকর্তারা যে গাড়িটিতে ভ্রমণ করছিলেন সেখানে বিস্ফোরণ ঘটানো হলে তারা মারা যান। এ হামলার সঙ্গে কারা জড়িত অর্থাৎ হামলাকারীদের নাম উল্লেখ করেননি প্রেসিডেন্ট পেট্রো। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, এফএআরসি বিদ্রোহীদের তথাকথিত ভিন্ন মতাদর্শীরা এ অঞ্চলে সক্রিয় রয়েছে।

সম্প্রতি ভেনেজুয়েলায় সীমান্তের ওপারে লড়াইয়ে বেশ কয়েকজন প্রভাবশালী ভিন্ন মতাবলম্বী কমান্ডার নিহত হয়েছেন। যারা তাদের পূর্বসূরীদের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল।

১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার সরকার, বামপন্থি গেরিলা, ডানপন্থি আধাসামরিক বাহিনী ও মাদক চোরাচালানকারী চক্রের মধ্যে সংঘাতে অন্তত সাড়ে চার লাখ লোক নিহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!